জেলের জালে ধরা পড়ল ৪১ কেজির বাঘাইড়
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার যমুনা নদীতে জেলের জালে ধরা পড়েছে ৪১ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ। পরে মাছটি স্থানীয় বাঘুটিয়া চর বাজারে নিয়ে গেলে ৫৩ হাজার ৩০০ টাকায় বিক্রি হয়।
স্থানীয় জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোরে দৌলতপুর উপজেলার বাঘুটিয়া চর এলাকার যমুনা নদীতে মাছটি ধরা পড়ে। সকালে জেলেরা মাছটি বাঘুটিয়া চর বাজারে নিয়ে এলে তা দেখতে স্থানীয় লোকজনের ভিড় জমে।
বাজারের হোটেল ব্যবসায়ী মোহাম্মদ রহিজুল বলেন, জেলে মো. আসিফ মিয়া, মো. ওহাব মোল্লা ও মো. মতিন শেখের জালে মাছটি ধরা পড়ে। পরে বাঘুটিয়া চর এলাকার সৌদি আরবপ্রবাসী মো. জাকির হোসাইন প্রতি কেজি ১ হাজার ৩০০ টাকা দরে মোট ৫৩ হাজার ৩০০ টাকায় মাছটি কিনে নেন।
এ বিষয়ে দৌলতপুর উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্বী বলেন, বন অধিদপ্তরের তালিকায় বাঘাইড় মাছ বিপন্ন প্রজাতির হিসেবে বিবেচিত এবং এটি ধরা ও বিক্রি করা সম্পূর্ণ নিষিদ্ধ।
মানিকগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা শেখ মনিরুল ইসলাম মনির বলেন, যমুনায় বাঘাইড় ধরা পড়ার খবর তার জানা নেই। তবে এটি বিপন্ন প্রজাতির মাছ হওয়ায় ধরা নিষিদ্ধ এবং জেলেদেরও এ ধরনের মাছ না ধরতে নিয়মিত সতর্ক করা হয়।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ