শ্রমিক নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে থানা ঘেরাও, বাস চলাচল বন্ধ
দিনাজপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ বাদশাকে গ্রেপ্তারের প্রতিবাদে থানার প্রধান ফটকে বাস দিয়ে ব্যারিকেড দিয়ে থানা ঘেরাও করে বিক্ষোভ করছেন শ্রমিকরা।
এ ছাড়া দিনাজপুর জেলার দশমাইল মোড়, মির্জাপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল, বটতলী ট্রাক টার্মিনাল, সাধনার মোড়সহ বিভিন্ন স্থানে সড়কের ওপর বাস আড়াআড়ি করে রেখে নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ করছেন শ্রমিকরা। এতে দিনাজপুর জেলার সঙ্গে আন্তজেলা সব রুট ও ঢাকাগামী বাস চলাচল বন্ধ রয়েছে। বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
গতকাল বুধবার (২৬ আগস্ট) রাত ৯টার দিকে শেখ বাদশাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর পরপরই শ্রমিকরা সড়ক অবরোধসহ থানা ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন।
এ ছাড়া দিনাজপুর-ঠাকুরগাঁও-পঞ্চগড় আঞ্চলিক মহাসড়কের দশমাইল, রানীরবন্দরসহ কয়েকটি স্থানে ব্যারিকেড দেওয়া হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, বাদশার বিরুদ্ধে রাজনৈতিক একাধিক মামলা রয়েছে। মামলাগুলোতে তিনি ওয়ারেন্টভুক্ত আসামি।
এদিকে আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১০টার দিকে কোতোয়ালি থানার গেটের সামনে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে কমপক্ষে পাঁচজন শ্রমিক আহত হয়েছেন। তাদের মধ্যে চারজনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুন্নবী বলেন, গ্রেপ্তার শেখ বাদশাকে আদালতে সোপর্দ করা হবে।

ফারুক হোসেন, দিনাজপুর