রাসায়নিক মিশিয়ে দুধ তৈরি, একজনের কারাদণ্ড
পাবনার চাটমোহরে ভোজ্য তেল, কস্টিক সোডা, চিনি, জেলি ও রাসায়নিক দ্রব্য মিশিয়ে ভেজাল দুধ তৈরির অভিযোগে অভিযান চালিয়ে প্রায় ৩০০ লিটার কৃত্রিম দুধ জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় জড়িত সুমন ঘোষ (৪১) নামে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বুধবার (২৬ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে চাটমোহর পৌর সদরের মধ্যশালিখা গ্রামে সুমন ঘোষের বাড়িতে এই অভিযান চালানো হয়। দণ্ডপ্রাপ্ত সুমন ঘোষ ওই গ্রামের বাসিন্দা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বাড়িতে গোপনে ভেজাল দুধ তৈরির অভিযোগ নিশ্চিত হওয়ার পর এই বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে ৩০০ লিটার ভেজাল দুধের পাশাপাশি তা তৈরিতে ব্যবহৃত রাসায়নিক দ্রব্যাদি জব্দ করা হয়। উদ্ধার হওয়া উপকরণ দেখে কর্মকর্তাদের ধারণা, এসব কেমিক্যাল মিশিয়ে বাজারজাতকরণের জন্য কৃত্রিম দুধ তৈরি করা হচ্ছিল।
ঘটনাস্থলেই চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অপরাধীকে দণ্ড প্রদান করেন। অভিযানে পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর আবুল কালাম আজাদ এবং চাটমোহর থানা পুলিশ সহযোগিতা করে।
ইউএনও আরও বলেন, জনস্বাস্থ্যের সঙ্গে প্রতারণা বরদাশত করা হবে না এবং ভেজাল খাদ্য উৎপাদনকারীদের বিরুদ্ধে প্রশাসনিক কঠোর অবস্থান ও অভিযান অব্যাহত থাকবে।

আপন ইসলাম, পাবনা (চাটমোহর-ভাঙ্গুরা)