বাড়িতে ঢুকে কুপিয়ে তরুণীর হাত বিচ্ছিন্ন, বাবা-মাকেও কোপায় যুবক
মেহেরপুর শহরের লর্ড মার্কেট এলাকায় বাড়িতে ঢুকে স্মৃতি আক্তার নামের এক তরুণীর ডান হাত কুপিয়ে বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে সায়ন নামের এক যুবকের বিরুদ্ধে। এ সময় মেয়েকে বাঁচাতে এগিয়ে এলে স্মৃতির বাবা ইলেকট্রনিক ব্যবসায়ী সেলিম হোসেন ও মা রেবেকা খাতুনকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়।
মঙ্গলবার (২৫ আগস্ট) দিনগত রাত দেড়টার দিকে লর্ড মার্কেট এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত তিনজনকে উদ্ধার করে প্রথমে মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলেও পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শহরের মল্লিকপাড়া এলাকার বাসিন্দা সায়ন রাত দেড়টার দিকে সেলিম হোসেনের বাড়িতে প্রবেশ করে স্মৃতি আক্তারের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালান। একপর্যায়ে কুপিয়ে তার ডান হাত বিচ্ছিন্ন করে দেওয়া হয়। স্মৃতির চিৎকার শুনে মা-বাবা ছুটে এলে সায়ন তাদেরকেও কুপিয়ে জখম করেন এবং দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্থানীয়রা এসে আহতদের উদ্ধার করেন।
খবর পেয়ে মেহেরপুর সদর থানা-পুলিশের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত সায়নকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

রেজ আন উল বাসার তাপস, মেহেরপুর