যশোরে আল আমিন হত্যায় আরও একজন গ্রেপ্তার
যশোরে স্বর্ণের কারিগর আল আমিন হোসেন (২৯) ওরফে ‘পেরেক আল আমিন’ হত্যা মামলায় সৌরব হোসেন তুষার (২৮) নামের দ্বিতীয় এক সন্দেহভাজন আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। আজ রোববার (২৩ আগস্ট) ভোরে যশোর সদর উপজেলার রাজারহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তুষার শহরের পূর্ব বারান্দীপাড়া এলাকার বাসিন্দা। এর আগে গতকাল শনিবার শহরের মণিহার এলাকা থেকে ‘ব্ল্যাক আলামিন’ নামে মামলার প্রধান সন্দেহভাজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ নিয়ে চাঞ্চল্যকর এই হত্যা মামলায় মোট দুজনকে গ্রেপ্তার করা হলো।
গত ২০ আগস্ট বিকেলে যশোর শহরের বারান্দীপাড়া লিচুতলা এলাকায় আল আমিনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের মা আয়মা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন।
র্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বী প্রিন্স বলেন, প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডে তুষারের সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেপ্তার করে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

সাইফুল ইসলাম সজল, যশোর