রশিদুজ্জামান মিল্লাত পূর্ণ মন্ত্রী হওয়ায় জামালপুরে আনন্দ মিছিল
জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাতকে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দেওয়ায় জামালপুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে জেলা যুবদল। গতকাল (২১ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের আজাদ ডাক্তার মোড় থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিলে অংশ নেওয়া যুবদলের নেতাকর্মীরা এম রশিদুজ্জামান মিল্লাতকে অভিনন্দন জানিয়ে স্লোগান দেন। পরবর্তীতে সাধারণ মানুষ, পথচারী ও রিকশাচালকদের মাঝে মিষ্টি বিতরণ করা হয় এবং নবনিযুক্ত মন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনায় দোয়া করা হয়।
জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা বলেন, এম রশিদুজ্জামান মিল্লাত দীর্ঘদিন ধরে জামালপুরের মানুষের কল্যাণে কাজ করে আসছেন। তাকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দেওয়ায় এলাকার উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এম রশিদুজ্জামান মিল্লাত জামালপুর-১ আসন থেকে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি এতদিন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি তিনি কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করছেন।

নাহিদ হাসান, জামালপুর (সদর-মেলান্দহ)