প্রসূতির পেটে গজ রেখে সেলাই, মৃত্যুর ঘটনায় কঠোর ব্যবস্থার আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর
ফরিদপুরের সমরিতা হাসপাতালে সিজারিয়ান অপারেশনের পর প্রসূতির পেটে গজ রেখে সেলাই করার অভিযোগ এবং পরে তার মৃত্যুর ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
আজ শুক্রবার (২১ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামে নিহত কনিকা রানী মণ্ডলের বাড়িতে গিয়ে সাংবাদিকদের এসব কথা জানান স্বাস্থ্যমন্ত্রী।
এ সময় নিহত কনিকা রানী মণ্ডলের স্বামী অশান্ত মণ্ডলের হাতে নগদ অর্থ তুলে দেন তিনি। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী।
কনিকা রানী মণ্ডলের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠনের বিষয়টি উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগী পরিবার চাইলে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী মামলা করতে পারবে।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আগামী তিন বছরের মধ্যে দেশের উপজেলা পর্যায়ের সব হাসপাতালকে ১৫১ শয্যায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে। এসব হাসপাতালে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস ইউনিট, নারী ও পুরুষের জন্য পৃথক ফিজিওথেরাপি সেবা এবং আধুনিক চিকিৎসা সুবিধা নিশ্চিত করা হবে।
দেশের বিভিন্ন স্থানে গড়ে ওঠা অনুমোদনহীন ও অপর্যাপ্ত ব্যবস্থাপনার ক্লিনিক-হাসপাতাল প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দীর্ঘদিনের অনিয়ম ও অব্যবস্থাপনা একসঙ্গে তৈরি হয়নি, তাই এগুলো দ্রুত সমাধান করাও সম্ভব নয়। তবে স্বাস্থ্য খাতে অনিয়ম বন্ধে সরকারের কার্যক্রম চলমান রয়েছে। যেখানে অব্যবস্থাপনা বা অনিয়ম পাওয়া যাচ্ছে, সেখানেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতোমধ্যে অনেক ক্লিনিক বন্ধ করে দেওয়া হয়েছে এবং অনিয়মের সঙ্গে জড়িত চিকিৎসকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, জনগণের জন্য মানসম্মত ও আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করাই সরকারের অন্যতম লক্ষ্য। উপজেলা পর্যায়েই প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা নিশ্চিত করা গেলে রোগীদের চিকিৎসার জন্য দূরের জেলা শহর কিংবা রাজধানীতে ছুটতে হবে না।
এ সময় রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন, সিভিল সার্জন ডা. এস এম মাসুদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. শামসুল হক, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মুস্তাফিজুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মো. কবির হোসেন, রাজবাড়ী