ফরিদপুরে সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়
ফরিদপুরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবাগত পুলিশ সুপার শাহারিয়ার মোহাম্মদ মিয়াজী। আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ১২টার দিকে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় পুলিশ সুপার বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে পুলিশ ও সাংবাদিক এক হয়ে কাজ করবে। জেলায় যেসব সমস্যা রয়েছে, সবাই একসাথে মিলে সেসব সমস্যা সমাধানে কাজ করতে চাই। এছাড়া মাদক এবং যানজট নিয়ন্ত্রণে ফরিদপুর জেলা পুলিশ এখন থেকে কার্যকর ভূমিকা রাখবে।
এ সময় সাংবাদিকরা ফরিদপুর শহরের যানজট, রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল চলাচল, অবৈধভাবে ফুটপাত দখল, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দমনে পুলিশ সুপারের কাছে বিভিন্ন চিত্র ও তথ্য তুলে ধরেন।
সভায় বক্তব্য দেন ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, পান্না বালা, নাজিম বাকাউল, বিকে শিকদার সজল, জাহিদ রিপন ও আবিদুর রহমান নিপু প্রমুখ।
অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমির হোসেন, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসানসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সঞ্জিব দাস, ফরিদপুর