কুমিল্লায় বিনা’র আঞ্চলিক কর্মশালা
কুমিল্লায় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৯ আগস্ট) বিনা উপকেন্দ্র কুমিল্লায় এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় বক্তারা বলেন, গত এক সপ্তাহ আগে বিনা কর্তৃক ‘ফসল সুরক্ষা’ নামে একটি অ্যাপ প্লে স্টোরে চালু করা হয়েছে। ওই অ্যাপে কোনো ফসলের রোগাক্রান্ত অংশের ছবি তুলে দিলে অ্যাপটি স্বয়ংক্রিয় ভয়েস মেসেজের মাধ্যমে বলে দেবে গাছ বা ফলটি কী রোগে আক্রান্ত। এছাড়া কোন দোকানে ওষুধ পাওয়া যাবে, কোন ওষুধে রোগ ভালো হবে এবং জৈব না রাসায়নিক- কোন পদ্ধতিতে চিকিৎসা করতে হবে, তারও দিকনির্দেশনা দেবে এই অ্যাপ।
বক্তারা আরও বলেন, পাটের সোনালি অতীত ফিরিয়ে আনতে সরকার বদ্ধপরিকর। সে লক্ষ্যে দেশের ১০টি অঞ্চলকে পাটের ‘হাব’ হিসেবে গড়ে তোলার কথা বলেছেন কৃষিমন্ত্রী। স্থান নির্বাচনের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে এবং কুমিল্লায়ও একটি হাব গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। বক্তারা উল্লেখ করেন, কৃষি জমি কমে গেলেও বিজ্ঞানীরা নতুন নতুন জাত উদ্ভাবনের মাধ্যমে দেশের খাদ্যের জোগানের পাশাপাশি কৃষি অর্থনীতিকে সমৃদ্ধ করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার অতিরিক্ত পরিচালক আজিজুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন বিনা’র মহাপরিচালক ড. শরিফুল হক ভূঞা।
বিশেষ অতিথির বক্তব্য দেন বিনা’র পরিচালক (প্রশাসন ও সাপোর্ট বিভাগ) ড. মো. লুৎফর রহমান মোল্যা, বিনা’র গবেষণা শক্তিশালীকরণ প্রকল্পের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ড. মাহবুবুল আলম তরফদার, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও উপ-প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আশিকুর রহমান, কৃষি প্রকৌশল বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান ড. মো. হাসানুজ্জামান এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক মো. মিজানুর রহমানসহ মাঠ পর্যায়ের কর্মকর্তারা।

মাহফুজ নান্টু, কুমিল্লা