বিএনপি নেতার বাড়ির পাশে বোমাসদৃশ বস্তু
মেহেরপুরের গাংনীতে বিএনপি নেতার বাড়ির পাশ থেকে লাল টেপে মোড়ানো দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার (১৫ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার ষোলটাকা ইউনিয়নের আমতৈল গ্রামের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল হোসেনের বাড়ির পাশ থেকে বস্তু দুটি উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে আবুল হোসেনের বাড়ির পাশে লাল টেপে মোড়ানো সন্দেহজনক বস্তু দুটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে গাংনী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বস্তু দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আবুল হোসেন বলেন, রাতের আঁধারে কে বা কারা আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে তার বাড়ির পাশে বস্তু দুটি রেখে গেছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, খবর পেয়ে বোমাসদৃশ বস্তু দুটি উদ্ধার করা হয়েছে। এগুলো পরীক্ষা-নিরীক্ষার পর আসল রূপ নিশ্চিত হওয়া যাবে। কারা এবং কী উদ্দেশ্যে এগুলো রেখেছে, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে।

রেজ আন উল বাসার তাপস, মেহেরপুর