চাঁপাইনবাবগঞ্জে আদালতে ভাঙচুরের ঘটনায় মামলা
চাঁপাইনবাবগঞ্জের যুগ্ম জেলা জজ আদালতের এজলাস ও বিচারকের খাস কামরায় হামলা ও ভাঙচুরের ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। সোমবার (১০ আগস্ট) রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় এই মামলা দায়ের করা হয়।
বিষয়টি নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন জানান, যুগ্ম জেলা জজ আদালতের বেঞ্চ সহকারী শহীদুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। পুলিশ মামলাটি রেকর্ড করে আসামিদের শনাক্ত করতে কাজ শুরু করেছে।
গত রোববার (৯ আগস্ট) দুপুরে ২০২৩ সালের একটি বিস্ফোরক মামলায় হাজিরা দিতে গিয়ে চলমান বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনার অভিযোগ তুলে আদালত চত্বরে বিক্ষোভ করে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা। পরে আদালতের এজলাস ও বিচারকের খাস কামরার দরজা ও জানালার কাঁচ ভাঙচুর করা হয়।
স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের দাবি, মামলার শুনানি চলাকালে যুগ্ম জেলা জজ মো. উজ্জ্বল মাহমুদ বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করেন। এর পরিপ্রেক্ষিতে নেতাকর্মীরা তার বিরুদ্ধে বিক্ষোভ করে। ঘটনার একদিন পর থানায় এই মামলাটি দায়ের করা হলো।

শহীদুল হুদা অলক, চাঁপাইনবাবগঞ্জ