গোপালগঞ্জে প্রতিপক্ষের হামলায় পুলিশ সদস্যসহ আহত ৪
গোপালগঞ্জ জেলা শহরের মৌলভীপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের অতর্কিত হামলায় এক পুলিশ সদস্যসহ চারজন আহত হয়েছেন। গতকাল রোববার (৯ আগস্ট) রাতে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন ডিএমপিতে কর্মরত পুলিশ সদস্য মো. আতিকুর রহমান হামিম (৩১), তার বড় ভাই মো. আশিকুর রহমান মিনার (৩৩), তাজবির শেখ (২৩) ও রিফাত হাসান উজ্জ্বল (৩৩)। তাদের মধ্যে পুলিশ সদস্য আতিকুরসহ তিনজনকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের সূত্রে জানা গেছে, প্রতিবেশী বতু দাঁড়িয়ার সঙ্গে শামসুল আলম মিটুর পরিবারের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে সকালে হাতাহাতি হলে বিকেলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশে বিষয়টি সমাধান করা হয়। অভিযোগ উঠে, সালিশ শেষে সবাই চলে গেলে বতু দাঁড়িয়ার ছেলে রাজিব দাঁড়িয়ার শ্যালক সোহান অস্ত্রশস্ত্রসহ লোকবল নিয়ে মিটুর পরিবারের ওপর হামলা চালায়। হামলায় দেশীয় অস্ত্রের আঘাতে পুলিশ সদস্য আতিকুর, তার ভাই ও স্থানীয় দুই যুবক আহত হন।
ছুটিতে থাকা আহত পুলিশ সদস্য আতিকুর রহমান বলেন, নতুন ঘর নির্মাণের কাজ শুরু করলে প্রতিপক্ষ বাধা দেয়, যা সালিশে সমাধান হওয়ার পরও সোহান ও তার লোকজন রাতে এই হামলা চালায়। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে জানান, থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, হামলার বিষয়টি পুলিশ জেনেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মাসুদ পারভেজ, গোপালগঞ্জ