বেনাপোল দিয়ে এলো ৯ হাজার কেজি কাঁচামরিচ
দেশের বাজারে কাঁচামরিচের আকাশচুম্বী দাম নিয়ন্ত্রণে ও সরবরাহ স্বাভাবিক রাখতে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৯ হাজার ২০০ কেজি (৯.২ মেট্রিক টন) কাঁচামরিচ আমদানি করা হয়েছে। গতকাল সোমবার (৩ আগস্ট) রাত ৯টার দিকে ভারত থেকে কাঁচামরিচ বোঝাই একটি ভারতীয় ট্রাক বেনাপোল বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে প্রবেশ করে। বন্দর ও কাস্টমসের যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে রাতেই চালানটি খালাস করা হয়।
বন্দর সূত্রে জানা গেছে, আমদানিকৃত এই চালানের আমদানিকারক প্রতিষ্ঠান ‘শিমু এন্টারপ্রাইজ’ এবং পণ্য খালাসের দায়িত্বে ছিল সিঅ্যান্ডএফ এজেন্ট ‘শিমু শিপিং লাইন্স’।
বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, স্থানীয় বাজারে কাঁচামরিচের ঘাটতি মেটাতে সরকার ভারতকে থেকে কাঁচামরিচ আমদানির সিদ্ধান্ত নেয়। প্রথম ধাপে ৬৯ জন ব্যবসায়ীকে মোট ২৯ হাজার ৭১০ টন কাঁচামরিচ আমদানির অনুমতিপত্র (আইপি) দেওয়া হয়েছে। ভারতের বিভিন্ন প্রদেশ, বিশেষ করে নাসিক থেকে এই মরিচ আমদানি করা হচ্ছে। সোমবার থেকে এ কার্যক্রম শুরু হয়।
নথিপত্র পর্যালোচনা করে দেখা যায়, প্রতি টন কাঁচামরিচের ঘোষিত আমদানি মূল্য ২৩ হাজার ৮৭৫ টাকা, যা কেজিপ্রতি দাঁড়ায় প্রায় ২৪ টাকা। এর সাথে সরকারকে কেজিপ্রতি শুল্ক দিতে হচ্ছে প্রায় ৪৫ টাকা। ফলে শুল্কসহ আমদানি ব্যয় হওয়ার কথা কেজিপ্রতি প্রায় ৭৮ টাকা।
তবে আমদানিকারক শাহাজান আলী বলেন, পরিবহণ, বন্দর খরচ এবং কাস্টমসের নানা জটিলতার কারণে প্রতি কেজি কাঁচামরিচ আমদানিতে তার খরচ দাঁড়িয়েছে ১৩৫ টাকা। কাস্টমসে পণ্য ছাড়করণে অযথা বিলম্ব ও জটিলতায় আমদানি ব্যয় বেড়ে আমদানিকারকদের লোকসানের মুখে পড়তে হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। তিনি বলেন, সামান্য লাভে বাজারে মরিচ বিক্রি করা হবে এবং আমদানি বাড়লে দ্রুতই দাম কমে আসবে।
এদিকে বেনাপোল স্থানীয় কাঁচাবাজারে মঙ্গলবার সকালে প্রতি কেজি কাঁচা মরিচ ৩০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। অতিরিক্ত মূল্যে চরম ভোগান্তিতে পড়ে সাধারণ ক্রেতারা বাজারে সরকারের কড়া নজরদারি ও নিয়মিত তদারকির জোর দাবি জানিয়েছেন।
বেনাপোল স্থলবন্দরের ডিরেক্টর শামীম হোসেন বলেন, ভারত থেকে আসা ৯.২ মেট্রিক টন কাঁচামরিচের চালানটি দ্রুততম সময়ে খালাসের ব্যবস্থা করা হয়েছে। সীমান্তের ওপারে কাঁচামরিচবাহী আরও বেশ কয়েকটি ট্রাক বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে, যা মঙ্গলবার যেকোনো সময় বন্দরে প্রবেশ করতে পারে।

মহসিন মিলন, বেনাপোল