বৃক্ষমেলায় মাত্র ২ টাকায় মিলছে বিভিন্ন প্রজাতির চারা
ফরিদপুরে সিভিল সার্জন অফিসের সামনে অনুষ্ঠিত বৃক্ষমেলায় মাত্র দুই টাকায় মিলছে বিভিন্ন প্রজাতির চারা। কম দামে চারা পাওয়ায় মেলায় আগত দর্শনার্থী ও ক্রেতাদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে।
মেলার এসডিসি স্টলে হাইব্রিড বেগুন ও গাঁদা ফুলের চারা মাত্র দুই টাকা করে বিক্রি হচ্ছে। এ ছাড়া ‘তেজ গোল্ড’ জাতের হাইব্রিড মরিচের চারা বিক্রি হচ্ছে দুই টাকা ৫০ পয়সা দরে। ‘পার্পল কিং’ জাতের বেগুনের চারাও একই স্টলে পাওয়া যাচ্ছে এই দামে।
স্টলের সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সব শ্রেণি-পেশার মানুষের নাগালের মধ্যে উন্নত জাতের চারা পৌঁছে দিতে এবং বেশি বেশি মানুষকে বৃক্ষ ও সবজি চাষে উৎসাহিত করতেই স্বল্পমূল্যে এসব চারা বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে।
স্টলের বিক্রেতা সোহানুর রহমান বললেন, ‘মাত্র দুই টাকায় চারা বিক্রির কারণে ক্রেতাদের আগ্রহ অনেক বেড়েছে। প্রতিদিনই অনেক মানুষ এই স্টল থেকে চারা কিনছে।’
স্বল্পমূল্যে উন্নত জাতের চারা পাওয়ায় মেলায় আগত ক্রেতারা সন্তোষ প্রকাশ করেছেন এবং এ ধরনের উদ্যোগকে বৃক্ষরোপণ ও সবজি চাষে উৎসাহ সৃষ্টির জন্য ইতিবাচক বলে মনে করছেন।

সঞ্জিব দাস, ফরিদপুর