সাত কেজি স্বর্ণসহ পাচারকারী আটক
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ স্বর্ণসহ মো. রবিউল ইসলাম (৩৪) নামের এক পাচারকারীকে আটক করেছে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)। উদ্ধার করা এসব স্বর্ণের মোট ওজন ৬ কেজি ৯৬৮ গ্রাম। আটক রবিউল ইসলাম দর্শনা উপজেলার ছয়ঘরিয়া গ্রামের বাসিন্দা।
বিজিবি জানায়, দর্শনা উপজেলার পারকেষ্টপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতে বিপুল পরিমাণ স্বর্ণ পাচারের গোপন খবর পেয়ে বিজিবির একটি চৌকস টহল দল সীমান্ত এলাকায় অবস্থান নেয়। শনিবার (১ আগস্ট) বিকেল ৪টা ২০ মিনিটের দিকে সীমান্ত পিলার-৭৮-এর দিকে মোটরসাইকেলযোগে যাওয়ার সময় সন্দেহভাজন রবিউলকে আটক করা হয়। পরবর্তীতে তাকে তল্লাশি করে বিভিন্ন আকারের ৩৯ পিস স্বর্ণ উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান বলেন, অভিযানে উদ্ধারকৃত স্বর্ণের পাশাপাশি আসামির ব্যবহৃত একটি মোটরসাইকেল, বাটন মোবাইল ফোন এবং নগদ ১৪০ টাকা জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রবিউল ইসলাম স্বীকার করেছেন যে, উদ্ধারকৃত স্বর্ণের চালানটি তিনি অবৈধভাবে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। এ বিষয়ে আটক আসামি ও জব্দকৃত মোটরসাইকেল দর্শনা থানায় হস্তান্তর এবং উদ্ধারকৃত স্বর্ণ চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

রিপন হোসেন, চুয়াডাঙ্গা (জীবননগর, দামুড়হুদা ও দর্শনা স্থলবন্দর)