ইলিশের পর দাম বাড়ল ডিমের, কেজি ৬ হাজার টাকা
ইলিশের রাজধানী খ্যাত চাঁদপুরের ঐতিহ্যবাহী বড়স্টেশন মাছঘাটে রূপালী ইলিশের পাশাপাশি এবার হু-হু করে বেড়েছে ইলিশের ডিমের দাম। বাজারে চাহিদার তুলনায় আকাশছোঁয়া ঘাটতি থাকায় গত বছরের তুলনায় এ মৌসুমে ইলিশের ডিমের দাম প্রায় দ্বিগুণ থেকে তিনগুণ ছাড়িয়েছে।
আজ বুধবার (২৯ জুলাই) চাঁদপুর বড়স্টেশন মাছঘাট ঘুরে দেখা গেছে, বর্তমানে প্রতি কেজি ইলিশের ডিম বিক্রি হচ্ছে পাঁচ হাজার ৫০০ থেকে সর্বোচ্চ ছয় হাজার টাকায়, যা সাধারণ ও মধ্যবিত্ত ক্রেতাদের নাগালের বহু বাইরে চলে গেছে।
আড়তদার ও ব্যবসায়ীরা জানান, গত বছর একই সময়ে প্রতি কেজি ইলিশের ডিমের বাজারদর ছিল দুই হাজার ৫০০ থেকে ৩ হাজার টাকা। কিন্তু চলতি মৌসুমে ডিমওয়ালা ইলিশের সংখ্যা আশঙ্কাজনক হারে কমে যাওয়ায় চরম সংকট তৈরি হয়েছে। দেশের বিভিন্ন জেলা থেকে পর্যটক ও ভোজনরসিকরা কেবল ইলিশের ডিম সংগ্রহ করতে চাঁদপুরে ভিড় করলেও যোগান না থাকায় খালি হাতে কিংবা চড়া দামে কিনে ফিরতে হচ্ছে।
ঘাটের মৎস্য ব্যবসায়ী নাহিদ হোসেন বলেন, বিগত বছরগুলোতে পর্যাপ্ত ডিমওয়ালা ইলিশ পাওয়া যেত। কিন্তু এবার ছবিটা ভিন্ন। ক্রেতাদের আকাশচুম্বী চাহিদার বিপরীতে আমরা সামান্য ডিমও যোগান দিতে পারছি না। যোগান না থাকার কারণেই দর এভাবে বেড়েছে।
অন্য এক ব্যবসায়ী নবীর হোসেন জানান, আগে ঘাটের প্রায় প্রতিটি দোকানেই পর্যাপ্ত ইলিশের ডিম পাওয়া যেত। কিন্তু এখন পুরো ঘাটে মাত্র দুই থেকে তিনজন ব্যবসায়ী ইলিশ থেকে ডিম আলাদা করে বিক্রি করতে পারছেন। বর্তমানে এক কেজি বা তার বেশি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে দুই হাজার ৮০০ থেকে তিন হাজার টাকায়। সামনে নদীতে ইলিশের চাপ বাড়লে ডিমের দাম কিছুটা কমতে পারে বলে আশা করছেন তিনি।
চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত সরকার জানান, পূর্বে প্রফেশনাল উপায়ে আলাদা করা ডিম দেশের বিভিন্ন জেলায় চালান হতো। কিন্তু বর্তমানে পুরো মাছঘাট মিলিয়ে দিনে ২০ থেকে ২৫ কেজির বেশি ইলিশের ডিম মিলছে না। গত বছরের তুলনায় বাজারে এবার এক-তৃতীয়াংশ ডিমও নেই। ইলিশের প্রধান প্রজনন ও সরবরাহ মৌসুমে মাছের সংখ্যা বৃদ্ধি পেলে ডিমের দামও ক্রেতাদের সহনীয় পর্যায়ে নেমে আসবে।

শরীফুল ইসলাম, চাঁদপুর