১৭০ কেজি নিষিদ্ধ পিরানহা জব্দ, মৎস্য ব্যবসায়ীকে জরিমানা
গোপালগঞ্জের কোটালীপাড়ায় একটি মৎস্য আড়ৎ থেকে ১৭০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করে মৎস্য ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার বিকেল ৫টায় উপজেলার ঘাঘর বাজার কিচেন মার্কেটের মোল্লা মৎস্য আড়তে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কোটালীপাড়ার সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ্।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম শাহাজাহান সিরাজ।
মো. মাসুম বিল্লাহ্ জানান, আজ রোববার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে আমরা তথ্য পাই ঘাঘর কিচেন মার্কেটের মোল্লা মৎস্য আড়তে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রয়ের জন্য রাখা হয়েছে। পরে উপজেলা মৎস্য কর্মকর্তাকে সঙ্গে নিয়ে সেখানে অভিযান পরিচালনা করি। এ সময় আড়তে থাকা ১৭০ কেজি পিরানহা মাছ জব্দ করে নির্দিষ্ট একটি স্থানে গর্ত খুঁড়ে মাটির নিচে মাছগুলো চাপা দেওয়া হয়। মৎস্য ব্যবসায়ী ইকবাল হোসেনকে ৬০ হাজার টাকা অর্থদণ্ড করে তা আদায় করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম শাহাজাহান সিরাজ জানান, আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মাসুদ পারভেজ, গোপালগঞ্জ