নতুন কুঁড়ি স্পোর্টসের অ্যাথলিটদের পুষ্টি সচেতনতা সেমিনার অনুষ্ঠিত
একজন ক্রীড়াবিদের সাফল্যে নিয়মিত অনুশীলনের পাশাপাশি সঠিক পুষ্টি ও সুষম খাদ্যের ভূমিকা অপরিসীম। এই লক্ষ্যকে সামনে রেখে দেশজুড়ে চলমান নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আসরের জাতীয় পর্যায়ের অ্যাথলিটদের নিয়ে পুষ্টি সচেতনতাবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত সেমিনারে নতুন কুঁড়ি স্পোর্টসের অ্যাথলিটদের সঙ্গে পুষ্টিবিদদের সরাসরি আনুষ্ঠানিক সম্পৃক্ততা এবারই প্রথম।
‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্যকে নামনে রেখে রাজধানীর মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মাহফুজুল আলম খানের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পুষ্টিবিদ ও ক্লিনিক্যাল ডায়েটেশিয়ান ইসরাত জাহান।
সেমিনারে পুষ্টিকর খাদ্যের গুরুত্ব, দৈনন্দিন খাদ্যতালিকা, প্রতিযোগিতার আগে ও পরে খাদ্য গ্রহণের নিয়ম এবং ক্রীড়াবিদদের প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করার বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।
বক্তারা বলেন, ক্রীড়াবিদের পারফরম্যান্স উন্নয়ন, দ্রুত পুনরুদ্ধার (রিকভারি), শারীরিক সক্ষমতা বৃদ্ধি এবং মানসিক সুস্থতা নিশ্চিত করতে সঠিক খাদ্যাভ্যাসের বিকল্প নেই। তাই খাবারের পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা বাড়ানোর মাধ্যমে অ্যাথলিটদের সুষম খাদ্য গ্রহণে উদ্বুদ্ধ করাই এ সেমিনারের মূল উদ্দেশ্য।
অংশগ্রহণকারী অ্যাথলিটরাও এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী বলে উল্লেখ করেন। তারা জানান, ফিটনেস ধরে রাখা, ইনজুরি থেকে দ্রুত সেরে ওঠা এবং মাঠের পারফরম্যান্স উন্নয়নে পুষ্টি সম্পর্কে সঠিক জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আয়োজকরা আশা করেন, ক্রীড়াবিদদের মধ্যে পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধি পেলে শুধু আন্তর্জাতিক অঙ্গনে দেশের সাফল্যই বাড়বে না, একই সঙ্গে সুস্থ, সবল ও কর্মক্ষম জাতি গঠনে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এনটিভি অনলাইন ডেস্ক