সংগীতের বিশ্বমঞ্চে লাল-সবুজের প্রতিনিধির খোঁজে ‘ভয়েস অব বাংলাদেশ’
মন মাতানো গান নিয়ে বিশ্বখ্যাত ‘ইউরোভিশন সং কন্টেস্ট’ তাদের নতুন যাত্রা শুরু করতে যাচ্ছে এশিয়ায়। প্রায় ৭০ বছরের ঐতিহ্যবাহী এই আন্তর্জাতিক মঞ্চে প্রতিযোগী দেশ হিসেবে অংশ নিচ্ছে বাংলাদেশ। বিশ্বমঞ্চে সুরের মুর্ছনা ছড়িয়ে দিতে লাল-সবুজ পতাকার প্রতিনিধি হবেন কোন শিল্পী? সেই যোগ্য প্রতিনিধিকে খুঁজে বের করতে বাংলাদেশের এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম ‘বঙ্গ’ আয়োজন করেছে বিশেষ প্রতিযোগিতা ‘ভয়েস অব বাংলাদেশ–ইউরোভিশন সং কন্টেস্ট এশিয়া’।
এই প্রতিযোগিতার চূড়ান্ত চমক অর্থাৎ ‘ন্যাশনাল ফাইনাল’ অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর। সেই অনুষ্ঠানে বিজয়ী শিল্পী প্রথম ‘ইউরোভিশন সং কন্টেস্ট এশিয়া গ্র্যান্ড ফাইনাল’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করার গৌরব অর্জন করবেন।
সাত দশক ধরে মৌলিক গান ও সুরের বাঁধনে বিশ্বকে এক সুতোয় আটকে রেখেছে ইউরোভিশন। এবার সেই বিশ্বমঞ্চে লড়াইয়ের সুযোগ পাচ্ছেন এশিয়ার শিল্পীরাও। এর মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে কোটি কোটি দর্শকের সামনে বাংলাদেশের সংগীত, সংস্কৃতি ও সৃজনশীলতাকে তুলে ধরার এক অভূতপূর্ব সুযোগ তৈরি হয়েছে।
‘বঙ্গ’ প্ল্যাটফর্মে এক্সক্লুসিভলি স্ট্রিমিং হওয়া এই প্রতিযোগিতার অফিশিয়াল টেলিভিশন পার্টনার হিসেবে থাকছে ‘এনটিভি’। যে কোনো সংগীত ধারার একক শিল্পী, ডুয়েট কিংবা ব্যান্ড এই আয়োজনে অংশ নিতে পারবেন। প্রতিযোগিতাটি উপস্থাপনা করবেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান।
চূড়ান্ত বিজয়ী নির্বাচনে দর্শকদের ভোটের পাশাপাশি বিচারক প্যানেলে থাকবেন দেশের জনপ্রিয় ও গুণী সংগীত ব্যক্তিত্ব— ফাহমিদা নবী, বাপ্পা মজুমদার, আঁখি আলমগীর, হামিন আহমেদ এবং শওকত আলী ইমন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির ব্যবস্থাপনা পরিচালক মো. আশফাক উদ্দিন আহমেদ, বঙ্গ’র হেড অব কনটেন্ট মোহাম্মদ আলী হায়দারসহ প্রতিযোগিতার বিচারক প্যানেলের সদস্যরা।
আবেদনের নিয়ম
একক শিল্পী, দ্বৈত কিংবা ব্যান্ড— যে কোনো ক্যাটাগরিতে আবেদন করা যাবে। আগ্রহী পারফর্মারদের নিজেদের একটি হাই কোয়ালিটির অডিও বা ভিডিও পারফরম্যান্সের সঙ্গে সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত জমা দিতে হবে। অনলাইন আবেদনের লিংক: apply.bongobd.com

এনটিভি অনলাইন ডেস্ক