জামায়াত নেতার অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন
সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে বাগেরহাটের মোংলায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ‘সচেতন নাগরিক সমাজ’র আয়োজনে পৌর মার্কেট চত্বরে এই প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন পালিত হয়।
মানববন্ধনে উপস্থিত বক্তারা গাজী নজরুলের বিতর্কিত ও অনৈতিক কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বক্তব্যে নেতারা বলেন, জামায়াত ১৯৭১ সালে যে ভূমিকা রেখেছিল, তাদের চরিত্র ও কর্মকাণ্ডে এখনও তারই প্রতিফলন দেখা যাচ্ছে। মানববন্ধন শেষে ক্ষুব্ধ নারী-পুরুষেরা গাজী নজরুল ইসলামের কুশপুত্তলিকায় জুতা পেটা ও থুতু নিক্ষেপ করেন। পরবর্তীতে কুশপুত্তলিকাটি আগুনে পুড়িয়ে প্রাক-বিক্ষোভ ও চরম ক্ষোভ প্রকাশ করা হয়।
আয়োজিত এ মানববন্ধনে বক্তব্য দেন মোংলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম নুর জনি, পৌর যুবদলের সদস্য সচিব এম এ কাশেম এবং উপজেলা মহিলা দলের নেত্রী নার্গিস বেগমসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।

আবু হোসাইন সুমন, মোংলা