এতিমখানা থেকে শিশুর মরদেহ উদ্ধার
মেহেরপুরের গাংনী উপজেলার একটি এতিমখানা ও মাদরাসা থেকে হাসাইন (৯) নামে এক আবাসিক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (১৯ জুলাই) সকালে তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত হাসাইন গাংনী উপজেলার আজান গ্রামের বিপ্লব হোসেনের ছেলে।
এতিমখানার সহকারী শিক্ষক তাওহিদুল ইসলাম বলেন, সকালে অন্য শিক্ষার্থীরা ফুলবাগানে কাজ করার সময় হাসাইন কক্ষেই অবস্থান করছিল। একপর্যায়ে তার নাক দিয়ে রক্ত বের হতে দেখে দ্রুত তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. মাহাবুব নয়ন তাকে মৃত ঘোষণা করেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মুর্শেদ বলেন, এতিমখানায় এক শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শুরু করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রাথমিক তদন্ত চলছে এবং তদন্ত শেষে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রেজ আন উল বাসার তাপস, মেহেরপুর