বিয়ের ৫ দিনের মাথায় নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বিয়ের মাত্র পাঁচ দিনের মাথায় রিয়া মনি (২২) নামে এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (১৫ জুলাই) উপজেলার ৯ নং খলিশাউড় ইউনিয়নের ডুপিরকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রিয়া মনি ওই গ্রামের মো. লিটন মিয়ার মেয়ে এবং ইমরান মিয়ার স্ত্রী।
পরিবার জানায়, গত ১০ জুলাই পারিবারিকভাবে ধুমধাম করে ইমরান মিয়ার সঙ্গে বিয়ে হয়েছিল রিয়ার। আজ বুধবার সকালে রিয়া মনি প্রতিদিনের মতোই স্বাভাবিকভাবে রান্নাবান্নার কাজ শেষ করেন। এরপর স্বামীর সঙ্গে নিজের ঘরেই ছিলেন। কিছুক্ষণ পর শাশুড়ি সালমা খাতুন তাকে খুঁজতে গিয়ে ঘরে না পেয়ে চিন্তিত হয়ে পড়েন। একপর্যায়ে রিয়ার বড় ভাসুর হানিফ মিয়া পাশের একটি পরিত্যক্ত ঘরের জানালা দিয়ে দেখেন, হলুদ রঙের একটি ওড়না গলায় পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছেন তিনি।
এলাকাবাসী জানায়, বিয়ের পর সবকিছু ভালোই চলছিল। কিন্তু হঠাৎ করেই স্বামীর পরিবার জানতে পারে, বিয়ের আগে রিয়া মনি নিজের পায়ে দাঁড়ানোর জন্য ঢাকার একটি কারখানায় চাকরি করতেন। আর এটাই কাল হলো তার জীবনে। সম্ভ্রান্ত পরিবারের অজুহাতে এই বিষয়টি নিয়ে শ্বশুরবাড়ির লোকজন তাকে নানা কটু কথা ও প্রশ্নবাণে জর্জরিত করতে শুরু করে। এমনকি বিয়ের ঘটককেও ডেকে এনে কৈফিয়ত চাওয়া হয়। এ জন্য মানসিক লাঞ্ছনা ও তীব্র অপমান সহ্য করতে না পেরেই আত্মহননের পথ বেছে নেন তিনি।
এ বিষয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ আগামীকাল বৃহস্পতিবার সকালে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে এবং ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ওসি আরও বলেন, আমরা ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। অপরাধী যেই হোক না কেন, তদন্ত সাপেক্ষে তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

এস. এম ওয়াদুদ, নেত্রকোনা (সদর-পূর্বধলা)