অবৈধ গ্যাসে চলছিল চার কারখানা, দিনভর অভিযানে সংযোগ বিচ্ছিন্ন
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ নিয়ে গড়ে তোলা তিনটি চুনা কারখানা ও একটি ঢালাই কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পরিচালনা করা এই অভিযানে অবৈধভাবে গড়ে ওঠা কারখানাগুলো ভেঙে দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৪ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার সোনাখালী ও প্রতাপনগর এলাকায় এই অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুহা তাবিল। অভিযানকালে অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত ৩৫০ ফুট পাইপ ও ৪টি বার্নার জব্দ করে বিনষ্ট করা হয়।
তিতাস গ্যাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক সুরজিত কুমার বলেন, সোনারগাঁয়ে দীর্ঘদিন ধরে কিছু অসাধু লোক অবৈধ গ্যাস সংযোগ নিয়ে চুনের ও ঢালাই কারখানা গড়ে তুলেছিল। এর ফলে সরকার প্রতি মাসে বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে চারটি কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে সেগুলো ভেঙে দেওয়া হয়েছে।
অভিযান চলাকালে তিতাসের প্রকৌশলী তৌফিকুর রহমান, জহুরুল ইসলাম এবং পুলিশ সদস্যসহ তিতাসের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

কামরুল ইসলাম, নারায়ণগঞ্জ (সদর-সোনারগাঁ-বন্দর)