ডোবার পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু
জামালপুরের মাদারগঞ্জে বাড়ির পাশের একটি ডোবার পানিতে ডুবে মাসুদ আকন্দ (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (১৩ জুলাই) বিকেলে উপজেলার জোড়খালী ইউনিয়নের কলাদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুদ আকন্দ ওই এলাকার মৃত আব্দুল গণির ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে পরিবারের সবার অগোচরে বাড়ির পাশের একটি ডোবার কাছে যান মাসুদ আকন্দ। একপর্যায়ে তিনি অসাবধানতাবশত পানিতে পড়ে যান। অনেকক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে তার ভাতিজি বাড়ির পাশের ওই ডোবায় মরদেহ ভাসতে দেখে চিৎকার শুরু করলে স্বজনরা ছুটে এসে মরদেহটি উদ্ধার করেন।
নিহতের চাচাতো ভাই ও গুনারীতলা ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা আশরাফুল ইসলাম সুমন বলেন, মাসুদ আকন্দ দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, সবার অজান্তে অসাবধানতাবশত বাড়ির পাশের ডোবায় পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, বিষয়টি তিনি লোকমুখে শুনেছেন। এই বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আসমাউল আসিফ, জামালপুর