জরুরি বৈঠক করে পানিবন্দি এলাকা পরিদর্শনে পূর্বধলা উপজেলা প্রশাসন
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় পানিবন্দি মানুষের দুর্ভোগের খবর এনটিভি অনলাইনে লাইভ সম্প্রচারের পর দ্রুত পদক্ষেপ নিয়েছে স্থানীয় প্রশাসন। দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি বৈঠক শেষে পানিবন্দি অসহায় মানুষের খোঁজখবর নিতে মাঠে নেমেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
আজ সোমবার (১৩ জুলাই) নিজ সভাকক্ষে ইউএনও শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান মামুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আছাদুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সভা শেষ করেই ইউএনও শফিকুল ইসলাম, ওসি আব্দুল্লাহ আল মামুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ প্রশাসনের প্রতিনিধিদল পানিবন্দি এলাকায় ছুটে যান। তারা প্লাবিত বিভিন্ন রাস্তাঘাট ঘুরে দেখেন এবং পানিবন্দি অসহায় মানুষদের সঙ্গে সরাসরি কথা বলেন। তাৎক্ষণিকভাবে কোনো ত্রাণ বিতরণ করা না হলেও দুর্গত মানুষকে সব ধরনের সরকারি সহায়তার আশ্বাস দেন ইউএনও।
ইউএনও বলেন, দুর্যোগ মোকাবিলায় উপজেলা প্রশাসন সর্বাত্মক প্রস্তুত রয়েছে। আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে, খুব দ্রুতই পানিবন্দি অসহায় মানুষের মধ্যে প্রয়োজনীয় সরকারি সহায়তা ও ত্রাণসামগ্রী পৌঁছানো হবে।

এস. এম ওয়াদুদ, নেত্রকোনা (সদর-পূর্বধলা)