চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরামের সভাপতি মোবারক, সাধারণ সম্পাদক সবুজ
গণমাধ্যমকর্মীদের পেশাগত ঐক্য ও পারস্পরিক সহযোগিতার বার্তা নিয়ে নির্বাচনের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকার (সিজেএফডি) নতুন কমিটি গঠিত হয়েছে। সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় সম্প্রতি ডেইলি টাইমস অব বাংলাদেশের চিফ নিউজ এডিটর মো. ফেরদাউস মোবারক সভাপতি এবং বাংলাভিশনের বিজনেস এডিটর জিয়াউল হক সবুজ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক আমাদের সময়ের ভারপ্রাপ্ত বার্তা সম্পাদক আশরাফুল ইসলাম। তাদের নেতৃত্বে ২০২৬-২৮ মেয়াদের জন্য ১৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
রাজধানীর একটি রেস্তোরাঁয় বিভিন্ন জাতীয় গণমাধ্যমে কর্মরত চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিকদের রায়ে গঠিত হয় নতুন কমিটি। সভায় সভাপতিত্ব করেন বিদায়ী কমিটির সভাপতি ও দৈনিক খবরের কাগজের সিটি এডিটর আব্দুল্লাহ আল মামুন। নির্বাচন পরিচালনা করেন প্রতিষ্ঠাতা সভাপতি ও লাইফ টিভির সম্পাদক আনোয়ার হক। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং বর্তমানে যুক্তরাষ্ট্রের ইস্টার্ন নিউ মেক্সিকো ইউনিভার্সিটির যোগাযোগ বিভাগের সহকারী অধ্যাপক মুহ. খাদিমুল ইসলাম।
সভায় সিজেএফডির নতুন কার্যনির্বাহী কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার মেসবাহুল হক, সাংগঠনিক সম্পাদক দৈনিক ভোরের কাগজের ক্যান্ট্রি এডিটর (অনলাইন) মীম ওবাইদুল্লাহ, অর্থ সম্পাদক দৈনিক খবরের কাগজের স্টাফ রিপোর্টার মোহাম্মদ আলী, দপ্তর সম্পাদক বাংলাদেশ কণ্ঠ এর সিনিয়র রিপোর্টার তাসকিনা ইয়াসমিন এবং প্রচার-প্রকাশনা ও গবেষণা সম্পাদক মুহূর্ত নিউজের সম্পাদক শাহানাত হোসেন মাসুম।
১৫ সদস্যের কমিটিতে সাত কার্যনির্বাহী সদস্য হলেন প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ার হক, বিদায়ী সভাপতি আব্দুল্লাহ আল মামুন, দৈনিক ইত্তেফাকের সহকারী সম্পাদক ফাইজুল ইসলাম, খবরের কাগজের সিনিয়র রিপোর্টার জাহাঙ্গীর আলম, মানবজমিনের সিনিয়র রিপোর্টার মো. আল আমিন, নকশী ডট টিভির সম্পাদক মো. মামুনুর রশিদ এবং একাত্তর টেলিভিশনের রিপোর্টার সৈয়দ রাশিদুল হাসান।
উল্লেখ্য, ঢাকার কর্মরত চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও জেলার অধিকার প্রতিষ্ঠার বিষয়টি জাতীয় পরিসরে তুলে ধরার প্রত্যয়ে ২০১৪ সালের ১৮ জুন চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্টস ফোরাম, ঢাকা প্রতিষ্ঠিত হয়।

এনটিভি অনলাইন ডেস্ক