চার সমুদ্র বন্দরে আবহাওয়া অফিসের নতুন নির্দেশনা
ফাইল ছবি
দেশের চার সমুদ্র বন্দর থেকে সতর্ক সংকেত নামিয়ে ফেলার নির্দেশ দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ শনিবার (১১ জুলাই) আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি সংক্রান্ত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তাদের আগের সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। সমুদ্র উপকূলবর্তী এলাকার আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে সমুদ্র শান্ত হতে শুরু করলেও উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে আজ সন্ধ্যা পর্যন্ত সম্পূর্ণ সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক (পরিচালকের পক্ষে) আজ সকাল ১১টা ৩০ মিনিটে (বিএসটি) আবহাওয়ার এই সর্বশেষ পরিস্থিতি সংক্রান্ত বিজ্ঞপ্তিটি জারি করেন।

এনটিভি অনলাইন ডেস্ক