নৌকা ও ভেলায় করে সাজেক ছাড়লেন দেড় শতাধিক পর্যটক
অবিরাম বর্ষণ ও প্রতিকূল আবহাওয়ার কারণে দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সাজেকে আটকাপড়া পর্যটকদের মধ্যে জরুরি প্রয়োজন বিবেচনায় সেনাবাহিনী ও পুলিশের এসকর্টে নৌকা ও ভেলায় করে সাজেক ছেড়েছেন দেড় শতাধিক পর্যটক। বাকীরা রাস্তার ওপর থেকে পানি নেমে গেলে ফিরবে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
জানা গেছে, দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সাজেক থেকে বাঘাইহাট পর্যন্ত মাসালং বাজার, সীমানাছড়া ও বাঘাইহাট বাজার এলাকায় অতিরিক্ত পাহাড়ি বৃষ্টির কারণে মূল সড়কটি প্লাবিত হওয়ায় এবং বিভিন্ন স্থানে পাহাড় ধসের শঙ্কায় সাজেক পর্যটন এলাকায় প্রায় পাঁচ শতাধিক পর্যটক আটকা পড়ে। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের খাগড়াছড়ি রিজিয়নের ২০৩ পদাতিক ব্রিগেডের সার্বিক তত্ত্বাবধানে বাঘাইহাট জোন (১৪ ইস্ট বেঙ্গল) দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে। এ সময় আটকে পড়া পর্যটকদের বুধবার থেকে সাজেক ভ্যালির বিভিন্ন রিসোর্টে কোনো প্রকার অর্থ ছাড়াই থাকার ব্যবস্থাসহ অন্যান্য জরুরি সেবা নিশ্চিত করা হয়।
প্রথম পর্যায়ে আজ বৃহস্পতিবার (৯ জুলাই) দেড় শতাধিক পর্যটক বাংলাদেশ সেনাবাহিনীর সমন্বিত প্রচেষ্টা ও স্থানীয়দের সহযোগিতায় বিশেষ ব্যবস্থায় নৌকা এবং ভেলায় করে পারাপারের মাধ্যমে সাজেক ছেড়ে আসেন।
বিশেষ ব্যবস্থায় আটকা পড়া দেড় শতাধিক পর্যটকের ফিরে আসার বিষয়টি নিশ্চিত করেছেন কটেজ এন্ড রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশন অফ সাজেক এর দপ্তর সম্পাদক এস এম জিয়াউল হক।
পর্যটকরা এ সময় বাংলাদেশ সেনাসদস্যদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে নিরাপদে নিজ গন্তব্যে পৌঁছানোর সুযোগ পেয়ে বাংলাদেশ সেনাবাহিনী ও বাঘাইহাট জোনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

আবু তাহের মুহাম্মদ, খাগড়াছড়ি