জামালপুরে শিশু ধর্ষণের ঘটনায় আসামি গ্রেপ্তার
জামালপুরে ১২ বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণ মামলার আসামি জয়কে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৮ জুলাই) সন্ধ্যায় সদর উপজেলার মেষ্টা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত জয়ের (২০) বাড়ি সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের পাখাডুবি গ্রামে।
ভুক্তভোগী শিশুর মা অভিযোগ করে বলেন, গত রোববার (৫ জুলাই) রাত ১০টার দিকে বাড়িতে কেউ না থাকায় আমার মেয়ে গেটে তালা দিতে যায়। এ সময় আগে থেকে ওৎ পেতে থাকা জয় তাকে টেনেহিঁচড়ে পাশের ঈদগাহ মাঠে নিয়ে ধর্ষণ করে। পরে আমার মেয়ে রক্তাক্ত অবস্থায় বাড়ি ফিরে আসে। বর্তমানে সে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি আছে। আমি এ ঘটনার বিচার চাই।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) নূর মোহাম্মদ বলেন, ধর্ষণের শিকার হওয়া শিশুর মা বাদী হয়ে সদর থানায় একটি মামলা করেছেন। মেষ্টা এলাকা থেকে আসামি জয়কে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

আসমাউল আসিফ, জামালপুর