ইউপি নির্বাচন ঘিরে আ.লীগ নেতার প্রচারণা, এলাকাজুড়ে ক্ষোভ
কুমিল্লার বুড়িচং উপজেলার উত্তর ভারেল্লা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির ব্যানারে প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল আলিমের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে নির্বাচনি প্রচারণা ও মতবিনিময় সভা করছেন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। একই সঙ্গে স্থানীয় বিএনপির ত্যাগী নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল আলিম দীর্ঘ প্রায় ১৭ বছর আওয়ামী লীগের সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। উত্তর ভারেল্লা ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সভাপতি আব্দুর রহমান (রব) তারই আপন চাচা। কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের বর্তমান সহ-সভাপতি নজরুল ইসলাম রুবেল তাঁর আপন চাচাতো ভাই। এছাড়াও উত্তর ভারেল্লা ইউনিয়নের যুবলীগ নেতা মো. সেলিম তার আপন ভাই। এদেরকে সঙ্গে নিয়ে প্রকাশ্যে মিটিং করছেন আব্দুল আলিম।
স্থানীয় বিএনপির একাধিক নেতাকর্মীর দাবি, দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত থাকার পরও আব্দুল আলিম বর্তমানে বিএনপির পরিচয় ব্যবহার করে নির্বাচনি মাঠে সক্রিয় রয়েছেন। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে এবং তৃণমূল নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে বলেও অভিযোগ তাদের।
বিএনপির নেতাকর্মীদের ভাষ্য, আওয়ামী রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা এবং দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় থাকার পর হঠাৎ বিএনপির পরিচয়ে নির্বাচনি প্রচারণা চালানো এলাকাজুড়ে প্রশ্নের জন্ম দিয়েছে।
এ বিষয়ে কথা হয় স্থানীয় বিএনপির একাধিক ত্যাগী নেতাকর্মীর সঙ্গে। ভারেল্লা উত্তর ইউনিয়ন কৃষকদলের সভাপতি আব্দুল হান্নান অভিযোগ করে বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা, হামলা ও বিভিন্ন ধরনের রাজনৈতিক হয়রানির ঘটনায় আব্দুল আলিম সক্রিয় ভূমিকা পালন করেছেন। এমনকি প্রকাশ্যে মারধর, ভয়ভীতি প্রদর্শন এবং রাজনৈতিক প্রতিপক্ষকে দমিয়ে রাখার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
ভারেল্লা উত্তর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল খালেক বলেন, আব্দুল আলিম ইউপি নির্বাচনকে সামনে রেখে প্রকাশ্যে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে বৈঠক করছেন। এমনকি আওয়ামী লীগের স্থানীয় সভাপতিকেও বিভিন্ন কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা দিতে দেখা যাচ্ছে। এতে তৃণমূল বিএনপির নেতাকর্মীরা চরমভাবে ক্ষুব্ধ। আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান ওরফে রবকে প্রধান করে মিটিং করেন আব্দুল আলিম।
আব্দুল খালেক আরও বলেন, বিষয়টি দলীয়ভাবে তদন্ত করে আব্দুল আলিম ও তাঁর সঙ্গে জড়িত সব আওয়ামী লীগ নেতাদেরকে আইনের আওতায় এনে বিচারের সম্মুখীন করতে হবে। তাহলে দলের ভাবমূর্তি রক্ষা পাবে বলে আমরা মনে করি।

ইসহাক হাসান, কুমিল্লা (মুরাদনগর-দেবিদ্বার-ব্রাহ্মণপাড়া)