ভুয়া বিলে ১৮ লাখ টাকা আত্মসাৎ, তিন পুলিশ সদস্য বরখাস্ত
ভুয়া বিল তৈরি করে সরকারের ১৮ লাখ ৬০ হাজার ৯৮৪ টাকা আত্মসাতের অভিযোগে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) তিন কনস্টেবলকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। হিসাব শাখায় কর্মরত থাকাকালীন অন্য এক কর্মকর্তার কম্পিউটার আইডি ব্যবহার করে তারা এই জালিয়াতি করেছেন বলে প্রাথমিক তদন্তে প্রমাণ মেলায় তাদের বিরুদ্ধে এই বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন- কনস্টেবল মারুফ হাসান, কনস্টেবল জয়দেব কুমার মজুমদার ও কনস্টেবল সজীব মিয়া।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিএমপির হিসাব শাখায় দায়িত্ব পালনকালে অভিযুক্ত তিন কনস্টেবল কৌশলে অন্য এক কর্মকর্তার কম্পিউটার আইডি ব্যবহার করে বিভিন্ন ভুয়া বিল তৈরি করেন। এসব বিলের মাধ্যমে তারা সরকারের মোট ১৮ লাখ ৬০ হাজার ৯৮৪ টাকা আত্মসাৎ করেন। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা এবং বিভাগীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের প্রমাণ পাওয়ায় অফিস আদেশের মাধ্যমে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (সদর দপ্তর) মো. আব্দুল হান্নান বলেন, অভিযুক্ত তিন কনস্টেবলের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে এবং তদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন ও প্রাপ্ত প্রমাণের ভিত্তিতে তাদের বিরুদ্ধে চূড়ান্ত বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আকতার ফারুক শাহিন, বরিশাল