টানা বৃষ্টিতে তলিয়ে গেছে শহর, ময়মনসিংহে দুই স্কুলের পরীক্ষা স্থগিত
ময়মনসিংহে টানা ভারি বৃষ্টিতে শহরের প্রধান সড়ক ও অলিগলি পানির নিচে তলিয়ে গেছে। বিশেষ করে স্কুল প্রাঙ্গণে পানি ওঠায় বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং ময়মনসিংহ জিলা স্কুলের আজকের (বুধবার) নির্ধারিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (৯ জুলাই) পরীক্ষা অনুষ্ঠিত হবে কিনা, তা আবহাওয়ার উন্নতির ওপর নির্ভর করবে বলে জানিয়েছেন বিদ্যাময়ী ও জিলা স্কুলের প্রধান শিক্ষক যথাক্রমে নাসিমা আক্তার ও আবদুস সালাম।
আজ বুধবার সকালে যথারীতি পরীক্ষা দিতে এসে অনেকেই তীব্র জলাবদ্ধতার কারণে স্কুলে প্রবেশ করতে না পারায় অনেক শিক্ষার্থী ফিরে যেতে বাধ্য হন।
প্রধান শহর ছাড়াও ময়মনসিংহ সিটি করপোরেশনের ব্রাহ্মপল্লী, স্টেডিয়াম এলাকা, কলেজ রোড, সি কে ঘোষ রোড, বলাশপুর, ভাটি কাশর এবং চরপাড়া-নয়াপাড়া কর্নারসহ ৩১টি ওয়ার্ডের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। এতে ড্রেনের নোংরা ও বৃষ্টির পানি বিভিন্ন বাসাবাড়িতে ঢুকে গৃহস্থালির মূল্যবান মালামাল বিনষ্ট হওয়াসহ সাধারণ নাগরিক জীবনে চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান বিদ্যাময়ী স্কুল, জিলা স্কুল এবং ময়মনসিংহ ক্যাডেট কলেজ প্রাঙ্গণেও পানি প্রবেশ করেছে, যার ফলে সামগ্রিক ক্লাস ও পরীক্ষা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।
এ বিষয়ে ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান সরকার রুকন বলেন, মূল শহরে বর্তমানে কোনো জলাবদ্ধতা নেই। পানি ইতোমধ্যে নেমে গেছে। রাত থেকেই যেসব স্থানে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা রয়েছে, সেগুলো অপসারণ করে স্বাভাবিক নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করার কাজ চলছে। দীর্ঘদিনের অপরিকল্পিত নগরায়ন ও কার্যকর ড্রেনেজ ব্যবস্থার অভাবেই জলাবদ্ধতার সমস্যা তৈরি হয়েছে। খুব শিগগিরই স্থায়ী সমাধানের উদ্যোগের মাধ্যমে নাগরিকদের এই দুর্ভোগ লাঘব করা হবে।

আইয়ুব আলী, ময়মনসিংহ