লাল পতাকা উঁচিয়ে বাসে চাঁদাবাজির অভিযোগে আটক ৪
ফরিদপুর সদর উপজেলার মুন্সি বাজার এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে লাল পতাকা দেখিয়ে দূরপাল্লার বাস থামিয়ে চাঁদা আদায়ের অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (৭ জুলাই) বিকেল ৪টার দিকে ফরিদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আজমির হোসেনের নেতৃত্বে কোতোয়ালি থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করে থানায় নিয়ে যায়।
আটকরা হলেন মো. ফরহাদ, মো. দিলু, মো. জুলফিকার ও মো. মতি শেখ। তারা সবাই স্থানীয় বিভিন্ন রুটের পরিবহণ সংশ্লিষ্ট কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে জানা গেছে।
অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায়, আটক এই ব্যক্তিরা ধারাবাহিকভাবে বিগত ১০ দিনেরও বেশি সময় ধরে ওই মহাসড়ক দিয়ে চলাচলকারী বিভিন্ন যাত্রীবাহী বাস থেকে ‘শ্রমিক কল্যাণের’ নামে জোরপূর্বক রশিদ দিয়ে টাকা উত্তোলন করছিলেন। হাইওয়ে ও সাধারণ সড়কে এভাবে লাল পতাকা উঁচিয়ে গাড়ি থামিয়ে টাকা তোলার বিষয়টি নজরে এলে পুলিশ এই ব্যবস্থা নেয়। এদিকে, এই চারজনকে আটকের ঘটনার প্রতিবাদে ও তাদের মুক্তির দাবিতে ক্ষুব্ধ পরিবহণ শ্রমিকরা আঞ্চলিক ও দূরপাল্লার বাস চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে ফরিদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আজমীর হোসেন বলেন, সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে মহাসড়কের চলন্ত পরিবহণ থেকে টাকা ওঠানোর সময় হাতেনাতে চারজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তারা আসলে কি কারণে, কার নির্দেশে এবং আইনগত কোনো বৈধতা ছাড়া টাকা উত্তোলন করছিল কি না, সে বিষয়টির সঠিক ব্যাখ্যা জানার জন্য স্থানীয় পরিবহণ শ্রমিক নেতাদের থানায় ডাকা হয়েছে। পুরো ব্যাপারে নিবিড় তদন্ত চলছে। যদি অবৈধ ও জোরপূর্বকভাবে টাকা উত্তোলনের বিষয়টি প্রমাণিত হয়। তবে আটকদের বিরুদ্ধে পরবর্তী কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সঞ্জিব দাস, ফরিদপুর