চা দোকানের আড়ালে গাঁজা বিক্রি, দোকানি আটক
নোয়াখালীর কবিরহাট উপজেলার নলুয়া রেহান আলী চৌধুরী হাট বাজারে চায়ের দোকানের আড়ালে গাঁজা বিক্রির অভিযোগে মো. মহিন উদ্দিন (৩২) নামে এক দোকানিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গতকাল সোমবার (৬ জুলাই) রাতে পরিচালিত বিশেষ অভিযানে তার দোকান থেকে কাগজে মোড়ানো ৮০টি গাঁজার রোল উদ্ধার করা হয়, যার মোট ওজন প্রায় ৮০০ গ্রাম। এ সময় তার ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
আটক মহিন উদ্দিন নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের গোপীবল্লভপুর গ্রামের বাসিন্দা।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, মহিন উদ্দিন দীর্ঘ দিন ধরে নলুয়া রেহান আলী চৌধুরীহাট বাজারে চা বিক্রির আড়ালে মূলত গাঁজা বিক্রি করে আসছিল। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল তার দোকানে আকস্মিক অভিযান চালায়। এ সময় দোকানে তল্লাশি চালিয়ে একটি বাজারের ব্যাগের ভেতর থেকে কাগজে মোড়ানো ৮০টি গাঁজার রোল উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আলামতের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কবিরহাট থানায় মহিনের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. হাবিবুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ বলেন, মাদকের বিস্তার রোধে আমাদের নিয়মিত অভিযান চলমান রয়েছে। যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে জেলাজুড়ে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আবদুল্যাহ চৌধুরী, নোয়াখালী (কোম্পানীগঞ্জ-কবিরহাট-সুবর্ণচর)