কেরানীগঞ্জে কেক কেটে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ঢাকা-২ আসনের সংসদ সদস্য (এমপি) ও বিএনপিনেতা আমান উল্লাহ আমান বলেছেন, এনটিভি তাদের যোগ্যতা ও দক্ষতা দিয়ে এক এক করে ২৩ বছর পেরিয়ে ২৪ বছরে পদার্পণ করেছে। এনটিভির চেয়ারম্যান আলহাজ্ব মোসাদ্দেক আলীসহ প্রতিষ্ঠানের সবাই এ প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করছেন। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে সবাইকে তিনি অভিনন্দন জানান।
আজ শুক্রবার (৩ জুলাই) সকালে কেরানীগঞ্জ মডেল থানার ওয়াশপুরে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন আমান উল্লাহ আমান।
আমান উল্লাহ আমান বলেন, এনটিভি দেশের মানুষের আস্থা অর্জন করতে পেরেছে। তাদের দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠ সংবাদ জনগণ পছন্দ করে। এ ধরনের দায়িত্ব বোধ নিয়ে সাংবাদিকতার প্রয়োজন রয়েছে।
দেশ ও জনগণের স্বার্থে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানিয়ে আমান উল্লাহ আমান বলেন, সামাজিক দায়বদ্ধতা রয়েছে সাংবাদিকদের। তাই তিনি আশা প্রকাশ করেন, আগামীতে আরও দুর্বার গতিতে দেশের কল্যাণে কাজ করবে এনটিভি।
আমান উল্লাহ আমান আশা প্রকাশ করে আরও বলেন, সমাজের সন্ত্রাস, মাদক ও অন্যায় অবিচারের বিরুদ্ধে এনটিভি অতীতের মতো আগামীতেও কাজ করবে।
আজ ৩ জুলাই ‘সময়ের সাথে আগামীর পথে’ এই স্লোগানকে বুকে ধারণ করে দর্শকপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি ২৩ পেরিয়ে ২৪ বছরে পদার্পণ উপলক্ষে কেরানীগঞ্জ মডেল থানার ওয়াশপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেলা ১১টায় আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয় প্রতিষ্ঠাবার্ষিকী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২ আসনের এমপি ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সভাপতি শামীম আহসান।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক ইকবাল হোসেন রতন, রায়হান খান, শহিদুল ইসলাম বিপ্লব, আসিফ চৌধুরী, মনির হোসেন। এতে আরও উপস্থিত ছিলেন স্বনামধন্য মিডিয়া ব্যক্তিত্ব আর জে টুটুল।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে আগত দর্শকদের ম্যাজিক শো উপস্থাপন করেন দেশের বিশিষ্ট ম্যাজিশিয়ান ইমন। অনুষ্ঠান শেষে আগত অতিথিদের আপ্যায়ন করা হয়।

দেলোয়ার হোসেন, কেরানীগঞ্জ