আবু সাঈদ হত্যাকাণ্ড প্রথম প্রচার করেছিল এনটিভি : সাইফুল আলম খান মিলন
কেক কেটে অত্যন্ত বর্ণিল ও জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সাফল্যের ২৪ বছরে পদার্পণ করেছে দেশের অন্যতম জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি। আজ শুক্রবার (৩ জুলাই ২০২৬) বিকেল ৬টার দিকে রাজধানীর কারওয়ানবাজারে এনটিভির প্রধান কার্যালয়ে কেক কেটে এই আনন্দঘন জন্মদিন উদযাপন করা হয়।
এ সময় উপস্থিত দেশের বরেণ্য অতিথিরা এনটিভির গৌরবময় অতীত ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ভূয়সী প্রশংসা করে প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানের বিশেষ মুহূর্তে শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য ও জাতীয় সংসদের সদস্য সাইফুল আলম খান মিলন বলেন, এনটিভির ২৪ বছরে পদার্পণের এই সময়টার পেছনে কিন্তু একটা বড় তাৎপর্য রয়েছে। কারণ এই মাসটা জুলাই মাস, আর বর্তমানে সারা দেশে চব্বিশের ঐতিহাসিক জুলাই বিপ্লবকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে।
অনুষ্ঠানে এনটিভি চেয়ারম্যানের বক্তব্যের সূত্র ধরে সাইফুল আলম খান মিলন আরও বলেন, আমাদের চেয়ারম্যান মহোদয় আলহাজ্ব মোসাদ্দেক আলী যথার্থই বলেছেন যে, চব্বিশের গণআন্দোলনে শহীদ আবু সাইদের সেই নির্মম হত্যাকাণ্ডের ঘটনাটি এনটিভিই প্রথম প্রচার করেছিল। আমরা মনে করি, দীর্ঘ পথযাত্রায় এনটিভির এই পথচলা মোটেও কুসুমাস্তীর্ণ ছিল না। গণমাধ্যম হিসেবে টিকে থাকতে গিয়ে প্রতিষ্ঠানটিকে অনেক চড়াই-উৎরাই, ভালো ও মন্দ সময় পার হতে হয়েছে; কিন্তু সব প্রতিকূলতা জয় করে এনটিভি সবসময় বীরদর্পে টিকে ছিল। আমরা দৃঢ়ভাবে আশা করি, এনটিভি ভবিষ্যতেও সত্যের পক্ষে এবং জনগণের কল্যাণে এভাবেই টিকে থাকবে।
জন্মদিনের এই জমকালো অনুষ্ঠানে এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টু এবং জাতীয় সংসদের হুইপ আসাদুল হাবিব দুলু। এ ছাড়া আমন্ত্রিত অতিথিদের মধ্যে অর্থনীতিবিদ অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আবদুস সালাম, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুল রহমান মান্না, সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টির সারোয়ার তুষার, এবি পার্টির ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আইনজীবী শিশির মনিরসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এনটিভি পরিবারের পক্ষে অনুষ্ঠানে আরও অংশ নেন এনটিভির ভাইস চেয়ারম্যান রোজা আলী, পরিচালক মাহবুবা সুলতানা, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আশফাক উদ্দিন আহমেদ, পরিচালক নুরুদ্দিন আহমেদ এবং এনটিভির বিভিন্ন বিভাগের প্রধানসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

নিজস্ব প্রতিবেদক