বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোন ডিসপ্লে জব্দ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অবৈধ পথে আসা বিপুল ভারতীয় মোবাইল ফোন ডিসপ্লে জব্দ করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (২ জুলাই) রাত ১০টার দিকে ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ড এলাকা থেকে এসব জব্দ করা হয়। জব্দকৃত মোবাইল ফোনের ডিসপ্লের আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকা।
এঘটনায় সোহাগ মন্ডল (২১) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোহাগ কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার লুৎফর রহমানের ছেলে।
পুলিশ জানায়, ভূরুঙ্গামারীর পাথরডুবি ইউনিয়নের বাঁশজানি গ্রাম চোরাচালানের অন্যতম রুট। এই রুট দিয়ে মোবাইল ফোন ডিসপ্লেগুলো অবৈধভাবে সীমান্ত পার করে ভূরুঙ্গামারীতে আনা হয়েছে। ডিসপ্লেগুলো ঢাকায় পাঠানো হতো। বাশঁজানি এলাকার চিহ্নিত চোরাকারবারি নুর ইসলাম ডিসপ্লেগুলো পাচার করে এনেছেন।
ভূরুঙ্গামারী সার্কেলের এএসপির নির্দেশনায় এসআই আলিউল ইসলাম বাসস্ট্যান্ড থেকে সন্দেহভাজন একজনকে এসব ডিসপ্লেসহ গ্রেপ্তার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে মূলহোতা নুর ইসলামকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।
ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, পুলিশ ভূরুঙ্গামারী উপজেলাকে মাদক ও চোরাচালান মুক্ত করতে চায়। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে পুলিশ তৎপর রয়েছে। চোরাকারবারির বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হবে।

শামসুজ্জোহা সুজন, কুড়িগ্রাম (ভূরুঙ্গামারী)