দেশ ও জনগণের স্বার্থের কথাই তুলে ধরে এনটিভি : আলহাজ্ব মোসাদ্দেক আলী
আজ ৩ জুলাই, আমাদের সবার প্রিয় বেসকারি টিভি চ্যানেল এনটিভির শুভ জন্মদিন। আপনাদের সঙ্গে নিয়ে দীর্ঘ ২৩ বছর পার করে আজ ২৪তম বছরে পা দিয়েছে এনটিভি। আপনারা জানেন, শুরু থেকেই ‘সময়ের সাথে আগামীর পথে’ স্লোগান নিয়ে বাংলাদেশের কথা মাথায় রেখে, সব সময় দেশকে সবার আগে রেখে, ‘সবার আগে বাংলাদেশ’ এই চিন্তা করে এনটিভি শুরু থেকে আজ পর্যন্ত কাজ করে যাচ্ছে। দীর্ঘ এ পথচলায় আপনারা পাশে থাকায় অশেষ কৃতজ্ঞতা।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এনটিভির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী এক শুভেচ্ছাবাণীতে এ কৃতজ্ঞতা জানান।
এনটিভির চেয়ারম্যান বলেন, সব সময় দেশ ও জনগণের স্বার্থে, দেশের উন্নয়নে, দেশের জনগণ এবং দেশ ও বিদেশে যেখানেই বাংলা ভাষাভাষি মানুষ আছেন, সেখানে দেশের কথা, দেশের উন্নয়নের কথা, দেশের স্বার্থের কথা, দেশের সুনামের কথা তুলে ধরেছে এনটিভি। আপনারা জেনে খুশি হবেন, আপনাদের এনটিভি টিমে যারা কাজ করছেন, তারা দিন-রাত পরিশ্রম করছেন। আমাদের নিউজ টিম সব সময় চেষ্টা করছে বাংলাদেশ এবং দেশের বাইরের সব খবর আপনাদের কাছে সবার আগে সুন্দর ও বস্তুনিষ্ঠভাবে পৌঁছে দেওয়ার জন্য।
আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী আরও বলেন, আপনারা জেনে আনন্দিত হবেন, বাংলাদেশের বেসরকারি টিভি চ্যানেলগুলোর মধ্যে এনটিভিই প্রথম অনলাইন বিভাগ চালু করেছে। আজকে এনটিভি অনলাইন সারা বিশ্বে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে এবং অনলাইনের মাধ্যমে সব সময় আমাদের সব নিউজ, অনুষ্ঠান আপনারা দেখতে পারছেন, যখন খুশি দেখতে পারছেন। এই অনলাইন টিমও রাত-দিন আপনাদের জন্য কাজ করে যাচ্ছে।
এনটিভির চেয়ারম্যান শুভেচ্ছা বক্তব্যে আরও বলেন, আমাদের অনুষ্ঠান বিভাগ ২০০৩ সাল থেকে আজ অবধি পরিবার ও সমাজের কথা চিন্তা করে নাটকসহ সব অনুষ্ঠান বিন্যাস করে থাকে। একটি পরিবারের সবাই যেন একত্রে টেলিভিশনের সামনে বসে অনুষ্ঠান দেখতে পারে–সব সময়ই আমাদের সে প্রচেষ্টা থাকে।
এনটিভির সবার জন্য দোয়া চেয়ে চেয়ারম্যান বলেন, আমাদের টিমের সবাই আপনাদের জন্য অক্লান্ত পরিশ্রম করছেন। সবার জন্য আপনারা দোয়া করবেন। আগামী দিনগুলোতে আমরা যেন আপনাদের সঙ্গে নিয়ে আপনাদেরই এই প্রিয় চ্যানেলকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারি, এগিয়ে নিতে পারি।
সরকার, রাজনৈতিক নেতা, পেশাজীবী সংগঠন, ব্যবসায়ী সমাজের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এনটিভির চেয়ারম্যান বলেন, আজকে এনটিভির জন্মদিনে আমি বাংলাদেশ সরকার ও বিভিন্ন দলের রাজনৈতিক নেতা, পেশাজীবী সংগঠন বিশেষ করে ব্যবসায়ী সমাজ যারা আমাদের বিজ্ঞাপন দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করেছে এবং সর্বোপরি আমাদের ক্যাবল অপারেটর, যারা সব সময় সবার আগে আমাদের এনটিভির কথা চিন্তা করে দেশের সব প্রান্তে সুন্দরভাবে পরিবেশন করে যাচ্ছেন, তাদের প্রতি আমার অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শুভেচ্ছাবাণীতে চেয়ারম্যান আরও বলেন, শুরু থেকে আজ পর্যন্ত যারা আমাদের সঙ্গে আছেন, অক্লান্ত পরিশ্রম করছেন, আমি এনটিভি পরিবারের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের এই প্রিয় চ্যানেল সব সময় আপনাদের সঙ্গে নিয়ে কাজ করেছে, আপনাদের পরামর্শ নিয়ে কাজ করেছে। আমরা আশা করি, এই সহযোগিতা ও পরামর্শ যদি আপনারা অব্যাহত রাখেন এবং আমাদের সঙ্গে থাকেন, আমরাও কথা দিতে পারি, আমরা দিন-রাত পরিশ্রম করে এই চ্যানেল সব সময় আপনাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপনের চেষ্টা করে যাব।

নিজস্ব প্রতিবেদক