আটকের পর এআই দিয়ে ছবির জার্সি বদল, বরিশালে পুলিশের কাণ্ড নিয়ে তোলপাড়
বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া উইংয়ের বিরুদ্ধে ইয়াবা ট্যাবলেটসহ আটক এক আর্জেন্টিনা সমর্থককে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) টুল ব্যবহার করে ব্রাজিল সমর্থক বানানোর অভিযোগ উঠেছে। মাদক ব্যবসায়ীকে এআই প্রযুক্তি দিয়ে ব্রাজিলের জার্সি পরানো সেই ছবি মিডিয়া সেলে প্রকাশ করার পর সাধারণ ব্রাজিল সমর্থকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরবর্তী সময়ে পরিস্থিতি বেগতিক দেখে এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের কড়া নির্দেশনায় ওই মাদক কারবারিকে আর্জেন্টিনার জার্সিটি উল্টো করে পরিয়ে পুনরায় ছবি তোলা হয় এবং তা মিডিয়া সেলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ও ই-মেইলে প্রকাশ করা হয়। পুরো বিষয়টি স্রেফ ‘দুষ্টুমি ও ইয়ার্কির ছলে’ ভুলবশত করে ফেলেছেন বলে স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন বিএমপির মিডিয়া সেলের উপপরিদর্শক (এসআই) তানজিল আহমেদ।
এর আগে সোমবার (২৯ জুন) বিকেল পৌনে ৫টার দিকে নগরীর পলাশপুর কলোনিতে অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চিহ্নিত মাদককারবারী রাসেল হাওলাদারকে (৩৫) আটক করা হয়। রাসেল পলাশপুরের মোহাম্মদপুর এলাকার বাসিন্দা।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজিত চন্দ্র নাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে মোহাম্মদপুর কলোনির মামুন মিয়ার ঘের সংলগ্ন এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে রাসেলের কাছ থেকে ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে মূল মাদককারবারী আঁখি (৩২) কৌশলে পালিয়ে যান। পলাতক আঁখি দক্ষিণ পলাশপুর এলাকার আবুল হোসেন হাওলাদারের মেয়ে এবং তাঁর বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে কাউনিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে, যাতে আটক রাসেল এবং পলাতক নারীকে আসামি করা হয়েছে।
এদিকে ঘটনার নাটকীয় মোড় নেয় ছবি প্রকাশকে কেন্দ্র করে। মাদককারবারী রাসেলকে গ্রেপ্তারের সময় তার গায়ে আর্জেন্টিনার জার্সি ছিল। কাউনিয়া থানা পুলিশ জার্সিটি উল্টিয়ে তার একটি ছবি তুলে বিএমপির মিডিয়া সেলে সরবরাহ করেছিল। কিন্তু মিডিয়া উইংয়ের উপ-পরিদর্শক তানজিল এআই টুল ব্যবহার করে ডিজিটাল কারচুপির মাধ্যমে সেই আর্জেন্টিনার জার্সিকে ব্রাজিলের জার্সিতে রূপান্তর করে দেন। এমনকি গণমাধ্যমে পাঠানো অফিসিয়াল ই-মেইলে সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয় যে, এক ব্রাজিল সমর্থক ইয়াবাসহ আটক হয়েছে। মিডিয়া উইংয়ের তৈরি সেই বিকৃত এআই ছবি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে গণমাধ্যমের পক্ষ থেকে সরাসরি নগর পুলিশ কমিশনার আশিক সাঈদের দৃষ্টি আকর্ষণ করা হলে মিডিয়া উইং দ্রুত তাদের ভুল সংশোধন করে পুনরায় পরিবর্তিত তথ্য ও ছবি প্রকাশ করে। একই সাথে পুলিশ কমিশনার আশিক সাঈদ এ বিষয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন এবং দায়ী ও অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা গ্রহণের কথা স্পষ্ট জানিয়েছেন।

আকতার ফারুক শাহিন, বরিশাল