আগামীকাল টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ ও চারপাশের গাছপালা কাটার সুবিধার্থে আগামীকাল শুক্রবার (২৬ জুন) দেশের বেশ কিছু এলাকায় টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার (২৫ জুন) নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার (২৬ জুন) নাটোর গ্রিডের বনপাড়া ৩৩ কেভি লাইন রক্ষণাবেক্ষণ ও লাইনের আশেপাশের গাছপালা কাটার কাজ করা হবে। এজন্য বনপাড়া ৩৩ কেভি ফিডার, বড়াইগ্রাম -১ (বনপাড়া) উপকেন্দ্র ও বড়াইগ্রাম -৩(গড়মাটি) উপকেন্দ্রের আওতাধীন বনপাড়া পৌরসভা, জোয়াড়ি ইউনিয়ন, মাঝগাঁও ইউনিয়ন, গোপালপুর ইউনিয়ন, চান্দাই ইউনিয়ন, দুয়াড়িয়া ইউনিয়ন (আংশিক) ও নগর ইউনিয়নের এলাকায় সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
কাজের প্রয়োজন অনুযায়ী বিদ্যুৎ বন্ধের সময় কম-বেশি হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সাময়িক অসুবিধার আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি।
অপরদিকে, ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শুক্রবার ফরিদপুর গ্রীড, অত্র পবিসের সুইচিং স্টেশন এবং কানাইপুর-১, কানাইপুর-২, ভাঙ্গা-১, ভাঙ্গা-২, বোয়ালমারী ও খলিলমন্ডল হাট ৩৩ কেভি ফিডারের জরুরি রক্ষণাবেক্ষণ কাজ করা হবে। এজন্য সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সাময়িক বিদ্যুৎ বিভ্রাটজনিত অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে সবার সহযোগিতা চেয়েছে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি।

নিজস্ব প্রতিবেদক