নোয়াখালীতে আর্জেন্টিনা সমর্থকদের মেগা মোটরসাইকেল শোডাউন
বিশ্বজুড়ে চলছে ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর তীব্র উন্মাদনা। সেই বৈশ্বিক উৎসবের আমেজ আর উত্তাপ এবার ছড়িয়ে পড়েছে নোয়াখালীর উপকূলীয় অঞ্চলেও। আজ সোমবার (২২ জুন) বিকেলে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ৮ নম্বর মোহাম্মদপুর ইউনিয়নে আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকদের উদ্যোগে একটি বিশাল ও বর্ণাঢ্য মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। প্রিয় দলের জার্সি পরিধান করে এবং আর্জেন্টিনার আকাশী-সাদা পতাকা উড়িয়ে শত শত সমর্থক অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে এই আনন্দ শোভাযাত্রায় অংশ নেন।
আর্জেন্টাইন সমর্থকদের এই মেগা শোডাউনটি মোহাম্মদপুর ইউনিয়নের অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র ‘আক্তার মিয়ার হাট’ থেকে শুরু হয়। এরপর হোন্ডার বিশাল বহরটি পুরো বাজার প্রদক্ষিণ শেষে আশপাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ আঞ্চলিক সড়ক ও মোড় ঘুরে পুনরায় আক্তার মিয়ার হাটে এসে এক জমকালো মিলনমেলায় মিলিত হয়। শোভাযাত্রা চলাকালীন সমর্থকদের বাঁধভাঙা স্লোগান এবং বাঁশির শব্দে পুরো এলাকায় এক বর্ণিল উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ব্যতিক্রমী ও চোখধাঁধানো এই আয়োজনে অংশ নেওয়া আর্জেন্টিনা সমর্থকরা তাঁদের প্রিয় দলের প্রতি গভীর ভালোবাসা ও চরম উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
স্থানীয় সমর্থকরা জানান, প্রতি বিশ্বকাপের মতোই এবারও প্রিয় দলের প্রতি নিখাদ ভালোবাসা প্রকাশ এবং নিজেদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে উপভোগ করার জন্যই তারা এই বর্ণাঢ্য শোডাউনের আয়োজন করেছেন। ফুটবলের এই মহোৎসবে সুবর্ণচরের আর্জেন্টিনা সমর্থকদের এমন স্বতঃস্ফূর্ত ও সুশৃঙ্খল উদ্যাপন স্থানীয় ক্রীড়ামোদীসহ সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এবং সবার নজর কেড়েছে। স্থানীয় তরুণ মো. পলাশ, মাইন উদ্দীনসহ আরও অনেকের অক্লান্ত পরিশ্রমে শুরু থেকে শেষ পর্যন্ত এই চমৎকার আয়োজনটি সফলভাবে সম্পন্ন হয়।

আবদুল্যাহ চৌধুরী, নোয়াখালী (কোম্পানীগঞ্জ-কবিরহাট-সুবর্ণচর)