কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক উল্টে চালক ও সহযোগী নিহত
কুষ্টিয়ার বাইপাস এলাকায় পাথরবোঝাই ট্রাক উল্টে চালক আনিস (৩৫) ও সহযোগী রতন (৩৫) নিহত হয়েছে। আজ রোববার (২১ জুন) সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাকচালক আনিসের বাড়ি ফরিদপুর জেলায় এবং হেলপার রতনের বাড়ি কুষ্টিয়ার মিনাপাড়া এলাকায়।
বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেকেন্দার আলি এনটিভিকে রোববার (২১ জুন) সকালে জানান, সোনা মসজিদ থেকে পাথর বোঝায় করে ট্রাকটি খুলনা যাচ্ছিল। আজ সকালে কুষ্টিয়া বাইপাস রোড এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশেই উল্টে পড়ে। এতে ট্রাকটিতে আগুন ধরে যায়। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং ট্রাকচালক আনিসের মরদেহ উদ্ধার করে। হেলপার রতন পাথরের নিচে চাপা পড়া অবস্থায় রয়েছে। তার মরদেহ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ।

সাবিনা ইয়াসমিন শ্যামলী, কুষ্টিয়া