নেত্রকোনায় বজ্রাঘাতে নিহত ৩
নেত্রকোনার কেন্দুয়া ও মদন উপজেলায় পৃথক স্থানে বজ্রাঘাতে তিনজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ জুন) ভোরে পৃথক সময়ে এ ঘটনাগুলো ঘটে।
নিহতরা হলেন- কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের দিগলী গ্রামের সুরুজ আলীর ছেলে শামসুল হুদা (৫৫), কেন্দুয়ার সান্দিকোনা গ্রামের ডাউকি বেদেনার ছেলে আশরাফুল ইসলাম (২৫) ও মদন উপজেলার কাইটাল (জয়পাশা) গ্রামের সোনালী মিয়ার ছেলে রাজিব মিয়া (২৪)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে শামসুল হুদা মাছ ধরতে গ্রামের পাশের মোড়াইল বিলে যান। সকাল ৬টার দিকে হঠাৎ বজ্রপাতের শিকার হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অন্যদিকে, নিহত আশরাফুল ইসলাম দীর্ঘদিন ধরে মানসিক রোগে আক্রান্ত ছিলেন। বৃহস্পতিবার সকালে সান্দিকোনা গ্রামের শ্মশানসংলগ্ন একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, ঝড়-বৃষ্টির সময় তিনিও বজ্রাঘাতে নিহত হয়েছেন।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
অপরদিকে, বৃহস্পতিবার সকাল ৫টার দিকে মদন উপজেলায় রাজিব মিয়া নামে এক ইটভাটার শ্রমিক বজ্রাঘাতে মারা যান। পারিবারিক সূত্রে জানা যায়, সকালে রাজিব বাড়ির কাছের জমিতে মাছ ধরার ‘বাইর’ (বাঁশের তৈরি ফাঁদ) তুলতে গিয়েছিলেন। এসময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত রাজিবের স্ত্রী ৪ মাসের অন্তঃসত্ত্বা। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তার পরিবারটি এখন সম্পূর্ণ অসহায় হয়ে পড়েছে।
নেত্রকোনার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান জানান, কেন্দুয়া ও মদনে বজ্রাঘাতে নিহত প্রত্যেক ব্যক্তির পরিবারকে উপজেলা প্রশাসনের মাধ্যমে জরুরি আর্থিক সহায়তা প্রদান করা হবে।

ভজন দাস, নেত্রকোনা