তিন মামলায় হাইকোর্টে কণ্ঠশিল্পী মমতাজের জামিন
রাজধানীর মিরপুর থানায় করা সাগর হত্যাসহ তিন মামলায় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
আজ সোমবার (১৫ জুন) বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি এবিএম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে মমতাজের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু, ব্যারিস্টার সারা হোসেন, অ্যাডভোকেট খায়রুন নেছা।
এর আগে রাজধানীর মিরপুর থানায় করা সাগর হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট।
২০২৫ সালের ১২ মে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার হন মমতাজ বেগম। ১৭ মে চার দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে এই সাবেক সংসদ সদস্য ও সংগীত শিল্পীকে কারাগারে পাঠানো হয়। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এ আদেশ দেন।
পুলিশ জানিয়েছে, মমতাজ বেগমের বিরুদ্ধে হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। লোকগানের জনপ্রিয় শিল্পী মমতাজ বেগম একাধিকবার মানিকগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন।

নিজস্ব প্রতিবেদক