ঢাকাসহ ১৫ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা
দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য ১ নম্বর সতর্ক সংকেত জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ মঙ্গলবার (৯ জুন) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, দেশের ১৪টি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের পর থেকে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই পূর্বাভাস জারি করা হয়।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী- রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে এই ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাত হতে পারে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এসব অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একই সাথে এসব এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের তীব্রতা বাড়তে পারে।
ঝড়ো আবহাওয়ার কারণে নৌ-দুর্ঘটনা এড়াতে ও অভ্যন্তরীণ নৌযানগুলোর নিরাপদ চলাচলের স্বার্থে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। আবহাওয়া অধিদপ্তর উল্লিখিত ১৪টি অঞ্চলের অভ্যন্তরীণ নদীবন্দরকে নৌ সতর্ক সংকেত প্রদর্শন করতে বলেছে। সংশ্লিষ্ট এলাকার নদীগুলোতে চলাচলকারী সব ধরনের ট্রলার, লঞ্চ ও নৌকাকে সাবধানে এবং তীরের কাছাকাছি থেকে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।
এর আগে পৃথক পূর্বাভাসে জানানো হয়, আজ দুপুরের মধ্যে ঢাকা ও আশেপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এই সময়ের মধ্যে যেকোনো সময় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সাথে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে বাতাস বয়ে যেতে পারে।

এনটিভি অনলাইন ডেস্ক