১২ অঞ্চলে হতে পারে ঝড়ের তাণ্ডব, নদীবন্দরে সতর্কতা
দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য ১ নম্বর সতর্ক সংকেত জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ বুধবার (১০ জুন) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, দেশের ১২টি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই পূর্বাভাস জারি করেছেন।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে এই ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাত হতে পারে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এসব অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে এসব এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের তীব্রতা বাড়তে পারে।
ঝড়ো আবহাওয়ার কারণে নৌ-দুর্ঘটনা এড়াতে ও অভ্যন্তরীণ নৌযানগুলোর নিরাপদ চলাচলের স্বার্থে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। আবহাওয়া অধিদপ্তর উল্লিখিত ১২টি অঞ্চলের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহকে ১ নম্বর (পুনরায়) ১ নম্বর নৌ সতর্ক সংকেত প্রদর্শন করতে বলেছে। সংশ্লিষ্ট এলাকার নদীগুলোতে চলাচলকারী সব ধরনের ট্রলার, লঞ্চ ও নৌকাকে সাবধানে এবং তীরের কাছাকাছি থেকে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক