হরিণ শিকারে গিয়ে নিজের সঙ্গীর গুলিতে শিকারি নিহত
চট্টগ্রামের ফটিকছড়িতে গহীন বনে হরিণ শিকারে গিয়ে অসাবধানতাবশত নিজের দলের অন্য শিকারির গুলিতে জমিল উদ্দিন (৫০) নামে এক শিকারি নিহত হয়েছেন। গতকাল শনিবার (৬ জুন) দুপুরে উপজেলার সর্তাবিটের খিরাম ইউনিয়নের পূর্ব পাশে রাউজানের হলুদিয়া রাবারবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জমিল উদ্দিন খিরাম ইউনিয়নের ৮নং ওয়ার্ড দক্ষিণ খিরাম এলাকার তোফায়েল আহমদের ছেলে। তিনি পেশায় কৃষিজীবী হলেও বন্যপ্রাণী শিকারের সঙ্গে যুক্ত ছিলেন।
স্থানীয় ও বন বিভাগ সূত্রে জানা গেছে, সর্তা বন বিটের অধীনে গহীন বনের হরিণ অভয়ারণ্য এলাকায় বন্যপ্রাণী শিকারের একটি চক্র দীর্ঘ দিন ধরে সক্রিয়। চক্রটি বিভিন্ন সময় সেখানে গোপনে হরিণ শিকার করে আসছিল। শনিবারও চক্রটি হরিণ শিকারে গিয়ে ফাঁদ পাতে এবং গুলি চালায়। এসময় অন্য এক শিকারীর বন্দুকের গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে জমিল উদ্দিনের গায়ে লাগলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বিকেলে হাসপাতালে নেওয়ার পথে খিরামের চৌমুহনী এলাকায় পৌঁছালে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন সৌরভ বলেন, শিকারীর গুলিতে গুলিবিদ্ধ হয়ে একজন মারা যাওয়ার খবর আমরা পেয়েছি।
সর্তা বন বিট কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, সর্তাবিটের কিছু এলাকায় হরিণের বিচরণ রয়েছে। সেখানে গোপনে শিকারীরা মাঝেমধ্যে হরিণ শিকার করে। একইভাবে শনিবারও হরিণ শিকার করতে গিয়ে এক ব্যক্তি নিহত হয়েছেন।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, পার্শ্ববর্তী রাউজান থানাধীন এলাকায় হরিণ শিকারে গিয়ে ফটিকছড়ি এলাকার একজন শিকারী গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। এই ঘটনার তদন্ত চলছে, তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।

কামরুল সবুজ, চট্টগ্রাম মহানগর ও জেলা (হাটহাজারী, ফটিকছড়ি ও রাউজান)