পাঁচ দিনের পূর্বাভাসে তাপমাত্রা নিয়ে সুখবর
তীব্র গরমে হাঁসফাঁস করা দেশবাসীর জন্য সুখবর দিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া চলমান মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ আগামী কয়েকদিনে ধাপে ধাপে কমবে। একই সঙ্গে বৃষ্টির দাপট বাড়ার ফলে তাপমাত্রা কমে স্বস্তি মিলবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
আজ শুক্রবার (৫ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টা বা পাঁচ দিনের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে তাপমাত্রা কমার এই তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে রংপুর, দিনাজপুর, নীলফামারী, ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, রাঙামাটি ও লক্ষ্মীপুর জেলাসহ রাজশাহী, খুলনা এবং বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে আজ শুক্রবার থেকেই দেশের কিছু কিছু জায়গা থেকে এই তাপপ্রবাহ প্রশমিত বা কমতে শুরু করতে পারে।
পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়, আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। দ্বিতীয় দিন শনিবার সারা দেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও তৃতীয় দিন রোববার আবারও দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমবে। চতুর্থ দিন সোমবার তাপমাত্রা অপরিবর্তিত থাকার পর পঞ্চম দিন মঙ্গলবার তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে সামগ্রিকভাবে বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পাওয়ায় ভ্যাপসা গরমের তীব্রতা অনেকটাই কমে আসবে বলে আবহাওয়ার পূর্বাভাসে স্পষ্ট করা হয়েছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, একটি পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত অবস্থান করছে। এর ফলে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে। এই মৌসুমি বায়ুর প্রভাবেই দেশজুড়ে বৃষ্টির তীব্রতা বাড়বে।
পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। একই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী, ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে, যা তাপমাত্রা কমিয়ে প্রকৃতিতে স্বস্তি ফিরিয়ে আনবে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, এ সময়ের শেষদিকে বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে।

এনটিভি অনলাইন ডেস্ক