সারাদেশে ঈদের নামাজ শেষে দেশ-জাতির কল্যাণ কামনায় দোয়া
সারাদেশে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদের নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেছেন। এ সময় বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠা, মানবতার মুক্তি এবং দেশের উন্নতি কামনা করেন মুসল্লিরা।
রাজধানীর হাইকোর্ট-সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৭টায় প্রধান জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা মুফতি মো. আবদুল মালেক।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতে একসঙ্গে ঈদের নামাজ আদায় করেন।
জামাত শেষে সমগ্র মুসলিম উম্মাহসহ দেশ ও জাতির কল্যাণ, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। বিশেষ করে ফিলিস্তিন ও ইরানের নির্যাতিত মুসলমানদের জন্য দোয়া করা হয়। পাশাপাশি সম্প্রতি বিশ্ব ও দেশজুড়ে মহামারি হামের ভাইরাসে আক্রান্ত ও মৃতদের জন্য দোয়া করা হয়।
ঈদের জামাতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ছাড়াও জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, ঢাকাস্থ বিভিন্ন দেশের কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশা ও বয়সের মানুষ অংশ নেয়।
এদিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঢল নামে মুসল্লিদের। এই মসজিদে পাঁচটি জামাত অনুষ্ঠিত হয়েছে।
পাঁচ জামাতের প্রথমটি হয় সকাল সাতটায়। এই জামাতে অংশ নিতে ভোর থেকেই মুসল্লিদের ঢল নামে বায়তুল মোকাররমে। শিশু-বৃদ্ধ থেকে শুরু করে সব বয়সী মুসল্লি দলে দলে জাতীয় মসজিদে আসতে শুরু করেন। পরবর্তীতে সকাল ৮টা, ৯টা, ১০টা এবং পৌনে ১১টায় আরও চারটি জামাত অনুষ্ঠিত হয়। এসব জামাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অপরদিকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৭টায় এ জামাত অনুষ্ঠিত হয়। ঈদের নামাজে অংশ নেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, সংসদ সদস্য, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট নাগরিকরা।
এদিকে তুমুল বৃষ্টির মধ্যেও শোলাকিয়া ঈদগাহে নামাজ অনুষ্ঠিত হয়েছে।
এছাড়া দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ-শহীদ ময়দানে পবিত্র ঈদুল আজহার নামাজের বিশাল জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ৮ টায় ঈদুল আজহার এই জামাত অনুষ্ঠিত হয়। এই নামাজে ইমামতি করেন জাতীয় ইমাম সমিতি দিনাজপুর জেলা শাখার সভাপতি মাওলানা মতিউর রহমান কাসেমী। এ জামাতে মুসলিম উম্মাহর শান্তি কামণায় দোয়া অনুষ্ঠিত হয়।
বৃষ্টি আর মেঘলা আবহাওয়ার মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সিলেট জেলা ও মহানগরজুড়ে পালিত হয় পবিত্র ঈদুল আজহার জামাত। সকাল থেকে জেলার ২ হাজার ৭০৬টি ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
রংপুরেও পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত কারেক্টরেট ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে। জামাত শেষে দোয়া মোনাজাতে দেশে হাম-রুবেলার প্রাদুর্ভাব থেকে মুক্তিসহ বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি সম্প্রীতি ও সৌহার্দ্য কামনা করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক