কিশোরগঞ্জে শতাধিক বস্তা সরকারি চাল উদ্ধার, সিলগালা কুঁড়ার মিল
কিশোরগঞ্জের কুলিয়ারচরে একটি কুঁড়ার মিলে পাওয়া গেল শতাধিক বস্তাভর্তি সরকারি চাল। রোববার (২৪ মে) দুপুরে পৌর শহরের খরকমারা এলাকার রেললাইনের পশ্চিম পাশে জিল্লু মিয়ার কুঁড়ার মিলে এই চাল পাওয়া যায়।
খবর পেয়ে কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়াছিন খন্দকার কুঁড়ার মিলে উপস্থিত হয়ে মিলটি সিলগালা করার নির্দেশ দেন। এ সময় কুলিয়ারচর এলএসডি গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাছির উদ্দীন মিলটিতে তালা লাগিয়ে দেন।
এদিকে চাল পাওয়ার বিষয়টি জেনে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম অপরাধীদের দ্রুত শনাক্ত করে প্রশাসনকে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াছিন খন্দকার বলেন, খবর পেয়ে কুঁড়ার মিলে গিয়ে সরকারি প্রায় শতাধিক চালের বস্তা পাওয়া গেছে। তবে মিল মালিক জিল্লু মিয়াকে খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় উপজেলা কৃষি অফিসারকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। আগামী ৫ কর্ম দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। বিষয়টি প্রতিমন্ত্রী মহোদয়কে অবগত করা হয়েছে। দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

মোস্তাফিজ আমিন, ভৈরব